কক্সবাজারে শুরু হচ্ছে তিন মাসের মেগা পর্যটন কার্নিভাল
ইমতিয়াজ মাহমুদ ইমন (কক্সবাজার ব্যুরো): সমুদ্রের ঢেউ, ঝাউবনের শীতল ছায়া আর রাতের আকাশে তারার মেলা—দিনের পাশাপাশি সন্ধ্যা ও গভীর রাতেও পর্যটকদের বিনোদনের পরিধি বাড়াতে কক্সবাজারে শুরু হতে যাচ্ছে তিন মাসব্যাপী এক মেগা পর্যটন কার্নিভাল। সমুদ্রসৈকতসংলগ্ন ঝাউবাগানের প্রায় ৩৫ একর এলাকাজুড়ে ২৪ ঘণ্টা চালু রাখার পরিকল্পনা নিয়ে সাজানো হয়েছে ব্যতিক্রমী এই উৎসব।
আগামী ২২ নভেম্বর (রোববার) থেকে এই কার্নিভালের পর্দা উঠবে।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে এবং স্পেল বাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের বাস্তবায়নে আয়োজিত এই উৎসবে থাকছে প্রায় ১৬টি ভিন্নধর্মী জোন। ফুড জোন, মার্কেটপ্লেস, ক্রাফট ভিলেজ, ওয়েলনেস সেন্টার, কিডস জোন ও ক্যাম্পিংয়ের পাশাপাশি দর্শনার্থীদের জন্য থাকছে আন্তর্জাতিক মানের বালুর ভাস্কর্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী, গো-কার্টিং, কায়াকিং ও বিচ স্পোর্টস।
সকালে যোগব্যায়াম, দিনের বেলায় রোমাঞ্চকর খেলাধুলা এবং সন্ধ্যায় সংগীত, সাংস্কৃতিক পরিবেশনা ও ক্যাম্পফায়ার—অর্থাৎ সব বয়সী মানুষের জন্যই থাকছে আলাদা বিনোদনের ব্যবস্থা। কার্নিভালটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ফ্যামিলি ফান উইথ সান, সি অ্যান্ড স্টারস’।
গত রোববার (১৫ নভেম্বর) রাতে কক্সবাজারের হোটেল শৈবালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব বিস্তারিত তথ্য তুলে ধরেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো. গনী উল আজম। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন কক্সবাজার পর্যটন কার্নিভালের নিরাপত্তা উপদেষ্টা ক্যাপ্টেন মোহাম্মদ আশিকুর রহমান, বাস্তবায়নকারী প্রতিষ্ঠান স্পেল বাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের চেয়ারম্যান গাজী গোলাম সরওয়ার, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি ও কার্নিভালের গণমাধ্যম সমন্বয়ক নুরুল ইসলাম হেলালী এবং যুক্তরাজ্যের খ্যাতিমান বালুশিল্পী পল হগার্ড।
আয়োজকদের মতে, কক্সবাজারে ভ্রমণে আসা পর্যটকেরা সাধারণত দুই থেকে তিন দিন অবস্থান করেন। দিনের বড় একটি সময় সমুদ্রসৈকত ও আশপাশের পর্যটনকেন্দ্রে কাটালেও সন্ধ্যার পর বিনোদনের সুযোগ তুলনামূলক কম থাকায় তাঁদের বাড়তি সময় ধরে রাখা কঠিন হয়ে পড়ে।
স্পেল বাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের প্রজেক্ট অ্যান্ড বিজনেস ইন্টিগ্রেশনের লিড আহমেদ সুপ্রতিম বলেন, “কক্সবাজার বাংলাদেশের পর্যটন রাজধানী। এখানে পর্যটকদের জন্য দিন-রাত ২৪ ঘণ্টাই নানা ধরনের বিনোদনমূলক কার্যক্রম থাকা জরুরি। শুধু সমুদ্র দর্শনের মধ্যে পর্যটনকে সীমাবদ্ধ রাখলে এ খাতের কাঙ্ক্ষিত বিকাশ সম্ভব নয়।” তিনি জানান, পরিবারের প্রতিটি সদস্যের কথা মাথায় রেখে শিশুদের জন্য কিডস জোন, সকালে যোগব্যায়ামের জন্য ওয়েলনেস সেন্টার এবং প্রতিদিন সন্ধ্যায় দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবনধারা তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এই কার্নিভালের অন্যতম প্রধান আকর্ষণ হতে যাচ্ছে আন্তর্জাতিক ও দেশীয় শিল্পীদের তৈরি নান্দনিক বালুর ভাস্কর্য। হাতি, জাতীয় মাছ ইলিশ, জেলেদের সংগ্রামী জীবন ও সুন্দরবনসহ বাংলাদেশের প্রকৃতি, ঐতিহ্য এবং জীবনযাত্রার নানা চিত্র ফুটিয়ে তোলা হবে এসব শিল্পকর্মে। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, মোট ১৫ থেকে ২০টি ভাস্কর্য নির্মিত হবে, যার মধ্যে ষাটগম্বুজ মসজিদ, জাতীয় সংসদ ভবন, আহসান মঞ্জিল ও লালবাগ কেল্লার মতো ঐতিহাসিক স্থাপনার প্রতিকৃতিও স্থান পাবে। এ কাজে অংশ নিতে যুক্তরাজ্য ও নেদারল্যান্ডস থেকে ইতিমধ্যে কক্সবাজারে এসেছেন দুই আন্তর্জাতিক বালুশিল্পী।
যুক্তরাজ্যের শিল্পী পল হগার্ড বলেন, “বাংলাদেশে এসে বালুর ভাস্কর্য তৈরি করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রায় ৩০ বছরের বেশি সময় ধরে আমি এই শিল্পের সঙ্গে যুক্ত এবং এ পর্যন্ত ২০০ থেকে ২৫০টি পূর্ণাঙ্গ হাতির বালুর ভাস্কর্য তৈরি করেছি। কক্সবাজারের সৈকতে কাজ করার অভিজ্ঞতা আমার জন্য বিশেষ কিছু।” নেদারল্যান্ডসের শিল্পী রেমি হগার্ড জানান, বাংলাদেশে প্রথমবারের মতো কাজ করতে পেরে তাঁরা উচ্ছ্বসিত; হাতির পাশাপাশি মাছ ধরার নৌকা ও জেলের ইলিশ ধরার দৃশ্যও ভাস্কর্যে ফুটিয়ে তোলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশি বালুশিল্পী জীবন রায় বলেন, “২০১২ সালে বালুশিল্পের সঙ্গে আমার পথচলা শুরু। দীর্ঘদিনের স্বপ্ন ছিল আন্তর্জাতিক শিল্পীদের সঙ্গে নিয়ে কক্সবাজারে বড় পরিসরে কাজ করার। এবার সেই স্বপ্ন পূরণ হচ্ছে। এই শিল্পকর্মের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও জীববৈচিত্র্য বিশ্বের সামনে তুলে ধরতে চাই।”
গতানুগতিক হোটেলকেন্দ্রিক পর্যটনের বাইরে এসে সমুদ্রের খুব কাছাকাছি প্রাকৃতিক পরিবেশে রাত কাটানোর রোমাঞ্চকর অভিজ্ঞতা দিতে কার্নিভালে রাখা হয়েছে ক্যাম্পিংয়ের ব্যবস্থা। এ ছাড়া প্রায় তিন হাজার মানুষের একসঙ্গে বসে খাবার খাওয়ার সুবিশাল পরিসর থাকবে, যেখানে দর্শনার্থীরা বিভিন্ন ফুড স্টল থেকে পছন্দের খাবার সংগ্রহ করে উপভোগ করতে পারবেন। গো-কার্টিং, কায়াকিং, বিচ স্পোর্টস ও ক্যাম্পফায়ারের পাশাপাশি রাতের তারাভরা আকাশ পর্যবেক্ষণের সুযোগও রাখা হচ্ছে। কার্নিভালটি ২৪ ঘণ্টা খোলা থাকায় পর্যটকেরা নিজেদের সুবিধামতো সময়ে এসে সূর্যোদয়, সূর্যাস্ত কিংবা রাতের নিস্তব্ধ সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
পর্যটকদের বিনোদনের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তা, কুটিরশিল্পী এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের অর্থনৈতিক বিকাশেও ভূমিকা রাখবে এই আয়োজন। কার্নিভালের মার্কেটপ্লেস ও ক্রাফট ভিলেজে দেশীয় পণ্য ও হস্তশিল্প প্রদর্শনের ব্যবস্থা থাকবে।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের অধীনস্থ হোটেল শৈবাল ও মোটেল লাবনীর ব্যবস্থাপক রায়হান উদ্দিন আহমেদ বলেন, “কার্নিভালের ১৬টি জোনের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তারা দেশি-বিদেশি পর্যটকদের সামনে নিজেদের পণ্য তুলে ধরার দারুণ সুযোগ পাবেন, যা তাঁদের ব্যবসা সম্প্রসারণের জন্য একটি ভালো প্ল্যাটফর্ম হতে পারে।” কক্সবাজার হোটেল মালিক সমিতির সহসভাপতি আবু তালেব শাহ মনে করেন, শীত মৌসুমে কক্সবাজারে রাতের বিনোদনের দীর্ঘদিনের যে সীমাবদ্ধতা ছিল, এই কার্নিভাল তা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে। নিরাপত্তা নিশ্চিত করে প্রতিবছর এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
৩৫ একর বিশাল এলাকাজুড়ে আয়োজিত এই কার্নিভালে দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, প্রশিক্ষিত নিরাপত্তাকর্মী নিয়োগের পাশাপাশি পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির সাহায্যে ফেস ডিটেকশনসহ আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতায় একটি নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে কাজ চলছে বলে জানিয়েছেন আয়োজকেরা।
এআইএল/সকালবেলা