দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার

প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ণ
দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়

প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় দেশে নতুন দুটি থানা এবং দুটি পৌরসভা গঠনের প্রস্তাব চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং নবসৃষ্ট দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাবেও অনুমোদন মিলেছে।

আজ সোমবার (১৬ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নিকারের এই গুরুত্বপূর্ণ সভায় এসব প্রশাসনিক প্রস্তাব অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিকারের অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় নতুন ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে। এ ছাড়া বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় নতুন ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বগুড়া জেলার মোকামতলা উপজেলায় ‘মোকামতলা’ পৌরসভা এবং সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় ‘জৈন্তাপুর’ পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি ময়মনসিংহ জেলার নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যমান ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে।

এ ছাড়া সভায় দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে লক্ষ্মীপুর জেলার সদর উপজেলাকে বিভক্ত করে নবসৃষ্ট ‘চন্দ্রগঞ্জ’ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর পূর্বনির্ধারিত মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। একইভাবে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের উদ্যোগী মন্ত্রণালয় হিসেবে কাজ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে, নতুন পৌরসভা গঠন ও উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাবগুলো উপস্থাপন করেছে স্থানীয় সরকার বিভাগ।