দেশজুড়ে আনসার ব্যাটালিয়নের বিশেষ অভিযান
নিজস্ব প্রতিবেদক: অপরাধ দমন, অবৈধ দখল উচ্ছেদ, মাদকবিরোধী কার্যক্রম এবং চোরাই মালামাল উদ্ধারে অক্টোবর মাসজুড়ে দেশব্যাপী মোট ৯৮১টি অভিযান চালিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটালিয়ন। এসব অভিযানে অপরাধী আটকের পাশাপাশি প্রায় ২ কোটি ৩৯ লাখ টাকা জরিমানা আদায়ে সহযোগিতা করেছেন বাহিনীর সদস্যরা।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) বাহিনীটির সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজার নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং জনস্বার্থ রক্ষায় অক্টোবর মাসে পরিচালিত ৯৪৬টি ভ্রাম্যমাণ আদালতে নিরাপত্তার দায়িত্ব সফলভাবে পালন করেন আনসার ব্যাটালিয়নের সদস্যরা। খাদ্যে ভেজাল দেওয়া, অবৈধভাবে বালু উত্তোলন, নিষিদ্ধ পলিথিনের ব্যবহার এবং পণ্যের কৃত্রিম মূল্যবৃদ্ধির বিরুদ্ধে পরিচালিত এসব অভিযানে মোট ২ কোটি ৭ লাখ ২১ হাজার টাকা জরিমানা আদায়ে সহযোগিতা করা হয়।
এছাড়াও সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত করতে পরিচালিত ১৭টি উচ্ছেদ অভিযানে অংশ নেন আনসার ব্যাটালিয়ন সদস্যরা। এসকল অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি ১৮ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা আদায়েও সহযোগিতা করেন তারা।
অন্যদিকে, মা ইলিশ সুরক্ষায় পরিচালিত ১৮টি বিশেষ যৌথ অভিযানেও সক্রিয় দায়িত্ব পালন করেছে বাহিনীটি। এসব অভিযানে ১২ লাখ ৮১ হাজার টাকা জরিমানা আদায়ে সহযোগিতার পাশাপাশি প্রায় ৫৬ লাখ টাকা মূল্যের অবৈধ ও নিষিদ্ধ জাল জব্দ করা হয়।
এছাড়া অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সুসমন্বয় করে পরিচালিত এসব অভিযানে কুখ্যাত চোর, ছিনতাইকারী, দালাল, মানব পাচারকারী, ডাকাত ও মাদক কারবারিদের আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মদ ও গাঁজাসহ প্রায় ৬ লাখ টাকা মূল্যের চোরাই মালামালও উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের পাশাপাশি বহুমুখী মানবিক দায়িত্ব পালনেও অনন্য ভূমিকা রেখেছেন আনসার ব্যাটালিয়নের সদস্যরা। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ ও অতিবৃষ্টির কারণে পাহাড়ি সড়কে ধসে পড়া মাটি ও কাদা অপসারণ করে দ্রুত যান চলাচল স্বাভাবিক রাখতে তারা গুরুত্বপূর্ণ সহযোগিতা করেন।
উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৭টি আনসার ব্যাটালিয়ন ইউনিট দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। দুর্গম পার্বত্য অঞ্চলে যৌথ অভিযান পরিচালনার পাশাপাশি জাতীয় সংসদ ভবন, সচিবালয়, পদ্মা সেতু, বিমানবন্দর, মেট্রো রেল ও বিদেশি দূতাবাসসহ দেশের অত্যন্ত সংবেদনশীল জাতীয় স্থাপনা এবং কেপিআইভুক্ত (Key Point Installation) স্থাপনাগুলোর নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন এসব ইউনিটের সদস্যরা।