জামালপুরে ধর্ষণ মামলায় কিশোরের ১০ বছরের আটকাদেশ
বিশেষ প্রতিনিধি (জামালপুর): জামালপুরে এক তরুণীকে ধর্ষণের দায়ে সোহেল রানা নামের এক কিশোরকে (ঘটনার সময় বয়স ১৪ বছর) ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এই রায় ঘোষণা করেন।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২৩ ডিসেম্বর রাতে জামালপুর সদর থানার জালালের চর গ্রামের এক তরুণী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন। এ সময় একই গ্রামের সুলতান মিয়ার ছেলে সোহেল রানা (তৎকালীন বয়স ১৪) তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করেন।
এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে ওই বছরের ২৫ ডিসেম্বর জামালপুর সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট দিদারুল ইসলাম জানান, মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ ও দীর্ঘ শুনানি শেষে ঘটনার প্রায় ১৬ বছর পর সোমবার আসামি সোহেল রানার উপস্থিতিতে আদালত এই রায় দেন। রায়ে অপরাধ প্রমাণিত হওয়ায় এবং ঘটনার সময় আসামির বয়স বিবেচনায় নিয়ে তাঁকে ১০ বছরের আটকাদেশ প্রদান করা হয়েছে।
এআইএল/সকালবেলা