কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
কাঞ্চন কুমার (কুষ্টিয়া প্রতিনিধি): কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে আতাউর রহমান (৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের কামাডাঙ্গা এলাকায় রেললাইনের ওপর এক যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত আতাউর রহমান চুয়াডাঙ্গা সদর পৌরসভার কামরুল ইসলামের পালিত ছেলে।
পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, জিআরপি) মো. হুসাইন জানান, ভোরে রেললাইনের ওপর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে তদন্তে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী আন্তঃনগর “বেনাপোল এক্সপ্রেস” ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। ভোর সাড়ে চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন এই পুলিশ কর্মকর্তা। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহত যুবকের লাশ পরিবারের নিকট হস্তান্তর করার কাজ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
এআইএল/সকালবেলা