ইয়াশ-পারসা জুটির নতুন নাটক ‘আমাদের আপনজন’ ইউটিউবে উন্মুক্ত
বিনোদন ডেস্ক: ‘একসাথে আলাদা’, ‘তুমি অথবা আমি’, ‘জানরে’, ‘বিভ্রম’-এর পর আরও একবার পর্দায় জুটি হলেন জনপ্রিয় অভিনয়শিল্পী ইয়াশ রোহান ও পারসা ইভানা। তবে এবারের কাজটি সম্পূর্ণ ভিন্ন রকম গল্প ও নতুন চরিত্রের। যান্ত্রিক শহরে জীবনের সঙ্গে গ্রামীণ সংস্কৃতির পার্থক্য এবং সম্পর্কের নানা টানাপোড়েন ফুটিয়ে তুলে নতুন এই গল্প নিয়ে হাজির হয়েছেন তারা। ইয়াশ-পারসা জুটির নতুন এই নাটকের নাম ‘আমাদের আপনজন’।
কাহিনি ও চিত্রনাট্য রচনার পাশাপাশি নাটকটি অত্যন্ত মুনিয়ানার সঙ্গে পরিচালনা করেছেন পথিক সাধন। এনিগমা মাল্টিমিডিয়া প্রযোজিত এই একক নাটকটি সম্প্রতি দোয়েল ইউটিউব চ্যানেলে দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
নাটকের মূল কাহিনি গড়ে উঠেছে তানভীর ও পারুর দাম্পত্য জীবনের নানা ঘটনা ও টানাপোড়েনকে কেন্দ্র করে। যান্ত্রিক শহুরে জীবনেও তারা নিজেদের মতো করে সুখ খুঁজে নেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু হঠাৎ করেই তাদের পরিবারে ফুফুর আগমন সবকিছু এলোমেলো করে দিতে থাকে। গ্রাম থেকে আসা শহরের পরিবেশে মানিয়ে নিতে গিয়ে তাদের সংসারে তৈরি হতে থাকে বিভেদ ও দূরত্ব, যার ফলে প্রতিনিয়ত জন্ম নিতে থাকে নতুন সব নাটকীয় ঘটনার।
নাটকটিতে ইয়াশ ও পারসা ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রবীণ অভিনেত্রী দিলারা জামান, এম এ সালাম, মেহেদি হাসান মেধা, হৃদয় ঘোষ রাজীব, মাহবুব আলম, মাহিন ইসলাম, ইয়াসিন আরাফাত, সাকলাইন, তুষার প্রমুখ।
নতুন এই নাটকটি নিয়ে অভিনেতা ইয়াশ রোহান বলেন, “কিছু গল্প আমাদের চেনা জীবনের গহিনে উঁকি দিয়ে দেখার সুযোগ এনে দেয়। কেন আমরা ভিন্ন বয়সী মানুষের চিন্তাধারার সঙ্গে একমত হতে পারি না? শহর ও গ্রামীণ জীবনকে পার্থক্য নির্ণয়ে ব্যর্থ হই? এমন অনেক প্রশ্নের জাবাব মিলে যাবে এই নাটকটি দেখার পর।”
অন্যদিকে অভিনেত্রী পারসা ইভানা মনে করেন, ভালোবাসা, দাম্পত্য আর সম্পর্কের গল্পেও যে নতুন বাঁক আনা সম্ভব, তা নির্মাতা পথিক সাধন চমৎকারভাবে দেখিয়েছেন ‘আমাদের আপনজন’ নাটকের মাধ্যমে। তার মতে, নাটকটির গল্পে যেমন চেনা জীবনের ছায়া খুঁজে পাওয়া যাবে, তেমনি সাধারণ জীবনধারা নিয়ে নতুন ভাবনার খোরাকও মিলবে।
সকালবেলা/ নুসরাত