দর্শকপ্রিয়তার শীর্ষে ‘দার-ই-নিজাত’, বাড়ানো হলো পর্বসংখ্যা

প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ণ
দর্শকপ্রিয়তার শীর্ষে ‘দার-ই-নিজাত’, বাড়ানো হলো পর্বসংখ্যা

বিনোদন ডেস্ক: পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’ নিয়ে দর্শকদের উন্মাদনা দিন দিন বেড়েই চলেছে। গল্পের ভিন্নতা, শিল্পীদের সাবলীল অভিনয় এবং একের পর এক নাটকীয় মোড়ের কারণে নাটকটি দর্শকদের মনে এক বিশেষ জায়গা করে নিয়েছে। শুধু নিজ দেশ পাকিস্তানেই নয়, বরং বাংলাদেশ, ভারত, নেপালসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এর জনপ্রিয়তা। দর্শকদের এই বিপুল সাড়া ও ভালোবাসা বিবেচনায় নিয়ে এবার নাটকটির পর্বসংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

পাকিস্তানি সংবাদমাধ্যম রিভিউইটের একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সম্প্রতি নাটকটির মোট পর্বসংখ্যা নিয়ে কথা বলেছেন ডিজিটাল মিডিয়া উপস্থাপক ও নাটক পর্যালোচক সোনিয়া রাও।

সোনিয়া রাওয়ের দেওয়া তথ্য অনুযায়ী, শুরুতে ‘দার-ই-নিজাত’ নাটকটি ৩৮ পর্বে শেষ করার পরিকল্পনা করা হয়েছিল। তবে দর্শকদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি সাড়া পাওয়ায় সেই পরিকল্পনায় পরিবর্তন এনেছেন সংশ্লিষ্টরা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নাটকটির পর্বসংখ্যা বাড়িয়ে ৪২ করা হয়েছে। যারা ভাবছিলেন নাটকটি শিগগিরই শেষ হয়ে যাওয়ায় হতাশ হতে হবে, তাদের জন্য এটি দারুণ এক সুসংবাদ। এমনকি দর্শকদের আগ্রহ এভাবে অব্যাহত থাকলে পর্বসংখ্যা আরও বাড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

এদিকে নাটকটির পরবর্তী মোড়গুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। দর্শকদের একাংশের অভিমত, গল্প এতটাই চমৎকার যে তারা আরও দীর্ঘ সময় এটি উপভোগ করতে চান। তবে অন্য একটি অংশের আশঙ্কা, অহেতুক দীর্ঘায়িত করা হলে গল্পের মূল আকর্ষণ ও আবেদন নষ্ট হয়ে যেতে পারে।

কলাকুশলী ও গল্প: উমেরা আহমেদের রচনা এবং সাকিব খানের পরিচালনায় নির্মিত হয়েছে এই আলোচিত ধারাবাহিকটি। থ্রি এস এন্টারটেইনমেন্ট প্রযোজিত নাটকটি নিয়মিত প্রচারিত হচ্ছে এআরওয়াই ডিজিটাল চ্যানেলে এবং পাশাপাশি ‘এআরওয়াই প্লাস’ অ্যাপেও দর্শকরা এটি উপভোগ করছেন।

নাটকটির মূল কাহিনী আবর্তিত হয়েছে জারিয়াব ও আবু বকরের ভালোবাসা এবং তাদের জীবনের নানা চড়াই-উতরাই ও সম্পর্কের টানাপোড়েনকে ঘিরে। এতে আবু বকর চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা শেহরিয়ার মুনাওয়ার এবং জারিয়াবের ভূমিকায় রয়েছেন দর্শকপ্রিয় অভিনেত্রী দুরে ফিশান সেলিম। এখন বর্ধিত পর্বে এই জুটির সম্পর্কের গল্প কোন নতুন দিকে মোড় নেয়, সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তরা।