প্রথমবার ছেলের ছবি প্রকাশ্যে আনলেন সোহিনী সরকার

প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ণ
প্রথমবার ছেলের ছবি প্রকাশ্যে আনলেন সোহিনী সরকার

বিনোদন ডেস্ক : মা হওয়ার প্রায় দুই মাস পর প্রথমবারের মতো ছেলের ছবি প্রকাশ্যে আনলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্তানের দুটি আদুরে ছবি শেয়ার করতেই তা ঘিরে ভক্তদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও আলোচনা শুরু হয়েছে। ছবিগুলো প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগী ও বিনোদন অঙ্গনের সহকর্মীদের ভালোবাসা এবং শুভেচ্ছায় ভরে উঠেছে মন্তব্যের ঘর।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) বাংলাদেশ সময় রাত ৮টা ১২ মিনিটে নিজের ভেরিফাইয়েড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো প্রকাশ করেন সোহিনী। সঙ্গে আবেগঘন ক্যাপশনে তিনি লেখেন, ‘বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে...।’ অভিনেত্রীর শেয়ার করা ছবিগুলো প্রকাশের মাত্র প্রথম ১০ মিনিটেই দেড় হাজারের বেশি প্রতিক্রিয়া ও অসংখ্য মন্তব্য জমা পড়ে।

এর আগে গত ২০ সেপ্টেম্বর প্রথমবার মা হওয়ার সুখবর জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের এই গুণী অভিনেত্রী। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানীয় সময় দুপুর ১২টার দিকে জন্ম নেয় সোহিনী ও তার স্বামী জনপ্রিয় সংগীতশিল্পী শোভনের প্রথম সন্তান। সেদিন ইনস্টাগ্রামে এক যৌথ বিবৃতিতে নতুন অতিথির আগমনের খবর জানিয়ে তারকা দম্পতি লিখেছিলেন, ‘আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো। সোহিনী ও শোভন।’

তারও আগে গত জুলাইয়ে নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে মা-বাবা হতে যাওয়ার সুখবর দিয়েছিলেন সোহিনী। বেবিবাম্প আগলে স্বামী শোভনের সঙ্গে একটি সুন্দর ছবি প্রকাশ করে জীবনের নতুন অধ্যায়ের কথা জানিয়েছিলেন অভিনেত্রী।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে পারিবারিক ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন শোভন ও সোহিনী। বিয়ের দুই বছর পূর্ণ হওয়ার পরপরই তাদের সংসারে আসে এই নতুন অতিথি। এবার প্রথমবার সন্তানের ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে সেই মাতৃত্বের আনন্দ ভাগ করে নিলেন অভিনেত্রী।