৪ মাসে দেশে এল ১১.৪৬ বিলিয়ন ডলার

প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ণ
৪ মাসে দেশে এল ১১.৪৬ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশের বৈধ ব্যাংকিং ব্যবস্থায় প্রবাস আয় বা রেমিট্যান্স এসেছে ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবাস আয়ের এই প্রবাহে ১২ দশমিক ৯৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, চার মাসের এই মোট আয়ের মধ্যে সবচেয়ে বেশি অর্থ পাঠিয়েছেন সৌদি আরবে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে সৌদি আরব থেকে সর্বোচ্চ ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্য থেকে এসেছে ১৬১ কোটি ৬৬ লাখ ডলার এবং তৃতীয় অবস্থানে থাকা যুক্তরাষ্ট্র থেকে এসেছে ১০৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার।

এ ছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় থাকা অন্য দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে ১০২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার ডলার, মালয়েশিয়া থেকে ৯০ কোটি ১৯ লাখ ৫০ হাজার ডলার, ইতালি থেকে ৭৬ কোটি ৯৫ লাখ ৪০ হাজার ডলার এবং কুয়েত থেকে ৬১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ডলার দেশে এসেছে। অন্যদিকে, মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশ ওমান থেকে ৫৫ কোটি ২০ লাখ ডলার, সিঙ্গাপুর থেকে ৫৫ কোটি ৪ লাখ ৯০ হাজার ডলার এবং কাতার থেকে ৪৯ কোটি ৪৯ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

মাসওয়ারি হিসাব অনুযায়ী, সদ্যসমাপ্ত অক্টোবর মাসে দেশে প্রবাস আয় এসেছে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার ডলার। এর আগে সেপ্টেম্বর মাসে ২৭৬ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার, আগস্ট মাসে ২৯৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ডলার এবং অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা। বৈধ চ্যানেলে বিনিময় হারের স্থিতিশীলতা ও ব্যাংকিং সেবার সহজলভ্যতার কারণে রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।