মার্কিন-ইসরায়েলি সংঘাতে ক্ষতিগ্রস্ত ইরানের তেল খাত, ১০.১ শতাংশ কমেছে জিডিপি
অনলাইন ডেস্ক: ওয়াশিংটনের সঙ্গে চলমান তীব্র কূটনৈতিক ও সামরিক উত্তেজনার বাইরেও দেশের উৎপাদন খাত সচল রাখা এবং সাধারণ জনগণের জীবিকা রক্ষাই বর্তমানে ইরানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন দেশটির সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গালিবাফ স্পষ্ট ভাষায় বলেছেন, দেশের বর্তমান মুদ্রাস্ফীতি, ক্রমবর্ধমান বেকারত্ব এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের চড়া দাম এমন কোনো সাধারণ বিষয় নয়, যা কেবল একটি বক্তৃতা দিয়ে কিংবা প্রশাসনিক নির্দেশ জারি করেই সমাধান করা সম্ভব।
তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ আট মাসেরও বেশি সময় ধরে ইতিহাসের অন্যতম বড় একটি যুদ্ধ ও সামরিক চাপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা দেশের সাধারণ ও সংগ্রামী জনগণকে অর্থনৈতিক বিপর্যয় থেকে রক্ষা করা সরকারের প্রধান দায়িত্ব।
দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং বিদেশি বিনিয়োগ ঘাটতির সঙ্গে লড়াই করে আসছে ইরান।
ইরানের পরিসংখ্যান কেন্দ্রের সম্প্রতি প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, চলমান সংঘাত ও অর্থনৈতিক চাপের প্রভাবে ফার্সি ক্যালেন্ডারের প্রথম প্রান্তিকে (২১ মার্চ থেকে ২০ জুন) দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ১ শতাংশ কমে গেছে।