‘তুই একটা ফ্যাসিস্ট, স্বৈরাচারের দোসর’- নায়ক জয় চৌধুরীকে হেলাল খান
বিনোদন প্রতিবেদক: দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) আয়োজিত এক মানববন্ধনে অংশ না নেওয়ায় চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরীসহ কয়েকজনের ওপর চরম ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা ও জাসাসের আহ্বায়ক হেলাল খান। এ সময় তাঁদের ‘ফ্যাসিস্ট’ ও ‘স্বৈরাচারের দোসর’ বলে সম্বোধন করলে এফডিসি প্রাঙ্গণে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে এফডিসি প্রাঙ্গণে সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্থিতিশীলতার প্রতিবাদে চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের উদ্যোগে পূর্বঘোষিত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অভিনেতা হেলাল খান, সংগীতশিল্পী ইথুন বাবু, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বলসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তবে এফডিসিতে সশরীরে উপস্থিত থাকলেও চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরীসহ কয়েকজন সদস্য এই মানববন্ধনে অংশ নেননি। বিষয়টি জানাজানি হওয়ার পরেই মূলত ক্ষোভের সূত্রপাত ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মানববন্ধন শেষে শিল্পী সমিতির কার্যালয়ের সামনে জয় চৌধুরীসহ কয়েকজনকে দেখতে পান হেলাল খান। এরপরই তিনি তাঁদের ওপর চড়াও হন এবং প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন। মুহূর্তেই এফডিসি প্রাঙ্গণের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।
এ সময় জয় চৌধুরীর উদ্দেশে হেলাল খানকে অত্যন্ত ক্ষুব্ধ কণ্ঠে বলতে শোনা যায়, “তুই একটা ফ্যাসিস্ট। স্বৈরাচারের দোসর! কোন সাহসে তোরা এই কর্মসূচিতে যাসনি?” উপস্থিত অন্যদের দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, “এখানে যারা অনুপস্থিত ছিল, তারা সবাই ফ্যাসিস্ট। অবিলম্বে এফডিসিকে সব ধরনের ফ্যাসিস্টমুক্ত করতে হবে।” হেলাল খানের এমন কঠোর অবস্থানের ফলে সেখানে কিছু সময়ের জন্য বেশ গোলযোগ ও উত্তেজনার সৃষ্টি হয়।
এআইএল/সকালবেলা