রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ৭২ ঘণ্টার আলটিমেটাম
মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী: রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক গণকণ্ঠের দুই সংবাদকর্মীর ওপর সন্ত্রাসী হামলা এবং তাঁদের পরিবারের সদস্যদের কুপিয়ে জখম করার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় সাংবাদিকেরা। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে প্রশাসনকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টায় রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে ‘রাজশাহীর সাংবাদিক সমাজ’-এর ব্যানারে এ প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে রাজশাহীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের শতাধিক সাংবাদিক অংশ নেন।
হামলার শিকার দুই সংবাদকর্মী হলেন—দৈনিক গণকণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি ইব্রাহিম হোসেন সম্রাট এবং ক্যামেরাম্যান আবির।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর এ ধরনের বরবর হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হস্তক্ষেপ। মামলার প্রধান আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি, যা অত্যন্ত দুঃখজনক। আগামী ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের আইনের আওতায় এনে 'দ্রুত বিচার ট্রাইব্যুনালে' বিচার নিশ্চিত করা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়াল মানববন্ধনে সংহতি জানিয়ে বলেন, "সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি আঘাত। সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে সত্য প্রকাশের পথ রুদ্ধ করা যাবে না।"
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মঈন উদ্দিন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগনি নীরো ও সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা জামান প্রমুখ।
উল্লেখ্য, গত ৩০ জুলাই রাতে শাহমখদুম থানার গাংপাড়া এলাকায় দায়িত্ব পালনকালে ইব্রাহিম হোসেন সম্রাটকে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। একই রাতে ক্যামেরাম্যান আবিরের বাড়িতে ঢুকে তার মা, বোন ও ছোট ভাইকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। এ ঘটনায় ৯ জনকে আসামি করে শাহমখদুম থানায় মামলা দায়ের করা হয়েছে।
এআইএল/সকালবেলা
|