সরাইল ৯৩১ কোটি টাকার পণ্য জব্দ
সুনামগঞ্জ প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইলের আওতাধীন সীমান্ত এলাকা থেকে গত ৯ মাসে মোট ৯৩১ কোটি ২৭ লাখ ২২ হাজার ৫৯২ টাকা মূল্যের অবৈধ চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। একই সময়ে বিপুল পরিমাণ অস্ত্র, উচ্চ বিস্ফোরক এবং অবৈধভাবে উত্তোলিত বালু ও পাথর জব্দসহ ৩০৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে সংস্থাটি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির সরাইল রিজিয়নের ১৩টি ব্যাটালিয়নের পক্ষে সার্বিক অভিযানের এই তথ্য তুলে ধরেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সরাইল রিজিয়নের দায়িত্বপূর্ণ ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্তে সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও শ্রীমঙ্গল সেক্টরের অধীন ১৩টি ব্যাটালিয়নের ২১১টি বিওপি (বর্ডার আউটপোস্ট) সার্বক্ষণিক নজরদারি ও টহল পরিচালনা করছে। বিজিবি সদস্যদের কঠোর পরিশ্রম, গোয়েন্দা তৎপরতা ও ধারাবাহিক অভিযানের ফলে গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এসব উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়।
বিজিবির অভিযানে গত ৯ মাসে ১১টি পিস্তল (৯টি ম্যাগাজিনসহ), ৭টি এয়ার গান, ৫টি পাইপ গান ও ৬২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এছাড়া সীমান্ত নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত ১৯ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর এবং ৩০ মিটার ডেটোনেটর তার উদ্ধার করা হয়।
অভিযানে ৩ লাখ ১২ হাজার ৯১০ পিস ইয়াবা, ১৩ হাজার ৮০৮ কেজি গাঁজা, ৬২ হাজার ৬৭৬ বোতল বিদেশি মদ ও বিয়ার, ১৫ হাজার ৫৮১ বোতল ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ, ৩ লাখ ৭৩ হাজার ৫৭১ পিস যৌন উত্তেজক ট্যাবলেট এবং ১৬৯ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে। এসব সীমান্ত অপরাধে জড়িত থাকায় ৩০৫ জনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
ময়মনসিংহ ও সিলেট সীমান্তসহ বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন প্রতিরোধে কঠোর অভিযান চালিয়ে ১৫ হাজার ৯০০ ঘনফুট পাথর এবং ৭ হাজার ৩০০ ঘনফুট বালু জব্দ করেন বিজিবি সদস্যরা।
সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্যোগকালে বন্যাকবলিত এলাকায় খাবার ও চিকিৎসাসেবা প্রদান এবং দুর্গম অঞ্চলে আধুনিক প্রযুক্তির সাহায্যে জরুরি ত্রাণ পৌঁছে দেওয়ার কথাও ব্রিফিংয়ে উল্লেখ করা হয়। এছাড়া সীমান্তে চোরাচালান রোধ ও তরুণদের কর্মসংস্থান তৈরিতে সিলেট সেক্টরের অধীনে কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমও পরিচালিত হচ্ছে।
এআইএল/সকালবেলা