পীরগাছায় অবৈধ তেল কারখানায় অভিযান, মালিকের কারাদণ্ড
হাবিবুর রহমান হাবিব, পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় অবৈধভাবে সয়াবিন তেল উৎপাদন ও বাজারজাতের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মালামাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় কারখানার মালিক মশিউর রহমানকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পীরগাছা বাজারে অবস্থিত 'মীম কনজ্যুমার' কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পীরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারেক হাসান তাহসিন। এ সময় পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিকসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চালানো ওই অভিযানে অবৈধভাবে সয়াবিন তেল উৎপাদন ও বাজারজাতের বিভিন্ন সরঞ্জামাদি ও মালামাল জব্দ করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানার মালিক মশিউর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত মশিউর রহমান উপজেলার পারুল ইউনিয়নের সুন্দর এলাকার আজিজুল ইসলামের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারেক হাসান তাহসিন বলেন, অবৈধভাবে সয়াবিন তেল উৎপাদন ও বাজারজাতকরণের দায়ে কারখানাটিতে অভিযান চালানো হয়। সেখান থেকে বিপুল সরঞ্জাম জব্দ করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মালিককে দণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে অবৈধ খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা