ইসরায়েলগামী বিমানের ককপিটে দুই পাইলটের তুমুল মারামারি, সৌদিতে জরুরি অবতরণ

প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ণ
ইসরায়েলগামী বিমানের ককপিটে দুই পাইলটের তুমুল মারামারি, সৌদিতে জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলগামী 'ফ্লাইদুবাই'য়ের একটি যাত্রীবাহী উড়োজাহাজে ককপিটের ভেতর দুই পাইলটের মধ্যে মারামারি ও হামলার জেরে সৌদি আরবে জরুরি অবতরণের ঘটনা ঘটেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ এক প্রতিবেদনে এ চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, 'এফজেড ১০৭৩' ফ্লাইটটিতে প্রায় ১৮০ জন যাত্রী ছিলেন। মাঝআকাশে ৩৪ হাজার ফুট উঁচুতে ককপিটে অবস্থানরত ওমানের নাগরিক দুই পাইলটের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। ধস্তাধস্তির একপর্যায়ে এক পাইলট অপরজনকে ছুরিকাঘাত করেন। এ সময় উড়োজাহাজটি মাত্র দুই মিনিটের মধ্যে ৩৪ হাজার ফুট থেকে ১৬ হাজার ফুটে নেমে আসলে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি বেগতিক দেখে ককপিট থেকে ছিনতাই ও জরুরি বিপৎসংকেত পাঠানো হয়। উড়োজাহাজটি পরবর্তীতে দিক পরিবর্তন করে সৌদি আরবের তাবুক শহরে অবস্থিত 'প্রিন্স সুলতান বিন আবদুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে' নিরাপদে জরুরি অবতরণ করে।

সৌদি কর্তৃপক্ষ জানায়, আহত দুই পাইলটকেই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সাধারণ যাত্রীরা সবাই সম্পূর্ণ সুরক্ষিত আছেন। যাত্রীদের বিকল্প ফ্লাইটে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা নিচ্ছে এয়ারলাইনটি।

এদিকে, ককপিটে বিমান বিধ্বংসের চেষ্টার অভিযোগ ওঠায় ঘটনাটিকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা বা নাশকতার চেষ্টা হিসেবে খতিয়ে দেখছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেত ও মোসাদ।

সূত্র: সামা টিভি

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন