টাঙ্গাইলে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২

প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ণ
টাঙ্গাইলে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২

রিপন খান রবিন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে চোর ধরতে গিয়ে চোরের ছুরিকাঘাতে মজনু মিয়া (৫০) নামের এক গৃহস্থ নিহত হয়েছেন। এ সময় চোরকে বাধা দিতে গিয়ে আহত হয়েছেন আরও দুইজন। 

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বারাপুষা গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে।

নিহত মজনু মিয়া ওই গ্রামের মৃত বেল্লাল মিয়ার ছেলে। তিনি পেশায় ঢালাই মিস্ত্রির সহকারী ও তিন সন্তানের জনক ছিলেন। ঘটনার পর স্থানীয় জনতা চোর ছামিনুর মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোর রাত সাড়ে ৪টার দিকে উপজেলার গয়হাটা গ্রামের মুন্নাফ মিয়ার ছেলে ছামিনুর মিয়া বারাপুষা গ্রামে মজনু মিয়ার বাড়িতে চুরি করতে যায়। এ সময় গৃহকর্তার ছোট মেয়ে জুলেখা প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে চোরকে দেখতে পেয়ে চিৎকার দেয়। এতে চোর ছামিনুর খড়ের গাদার পেছনে লুকানোর চেষ্টা করে। গৃহস্থ মজনু মিয়া তাকে ঝাঁপটে ধরলে চোর তার হাতে থাকা ছুরি দিয়ে মজনুর ঘাড়ে ও গলায় এলোপাতাড়ি কোপায়। প্রতিবেশী আলতাফ ও নাজমুল তাকে বাঁচাতে এগিয়ে এলে ছামিনুর তাদেরকেও ছুরি দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মজনু মিয়াকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মীর রকিবুল ইসলাম লীন জানান, ছুরির আঘাতে মজনু মিয়ার ক্যারোটিড আর্টারি কেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। অপর আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অভিযুক্ত ছামিনুর মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে; বর্তমানে সে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন