দৌলতপুরে মাঠ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
কাঞ্চন কুমার, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুরের মাঠ থেকে আনুমানিক ২৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের আংশিক গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাঠে কাজ করতে গিয়ে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা দৌলতপুর থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সকালে ২৫ বছর বয়সী এক যুবকের পচনধরা মরদেহ উদ্ধার করা হয়েছে। আলামত ও লাশের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, আনুমানিক ২ থেকে ৩ দিন আগে তার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তসহ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এআইএল/সকালবেলা