চীনকে বিশ্বস্ত বন্ধু বললেন রাষ্ট্রপতি, বিনিয়োগের আহ্বান

প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ণ
চীনকে বিশ্বস্ত বন্ধু বললেন রাষ্ট্রপতি, বিনিয়োগের আহ্বান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে আরও সহায়তা বাড়ানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বঙ্গভবনে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

রোহিঙ্গা সংকটে চীনের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, চীনের উদ্যোগ সংকট সমাধান ও টেকসই প্রত্যাবাসনে সহায়ক হবে। তিনি তৈরি পোশাক, বৈদ্যুতিক যান, লাইট ইঞ্জিনিয়ারিং, উচ্চপ্রযুক্তির ইলেকট্রনিকস, সেমিকন্ডাক্টর ও সৌরশক্তিসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতসমূহে চীনের সহযোগিতা ও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

কুনমিং-চট্টগ্রাম করিডোর এবং চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোরসহ বহুপাক্ষিক আঞ্চলিক যোগাযোগের উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ কৌশলগত অংশীদারদের সঙ্গে পারস্পরিক স্বার্থে কাজ করতে প্রস্তুত। মোংলা বন্দর আধুনিকায়ন ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন প্রতিষ্ঠার উদ্যোগকে তিনি শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। পাশাপাশি তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা প্রকল্পে চীনের কারিগরি ও আর্থিক সহায়তা অব্যাহত রাখার অনুরোধ জানান।

সাক্ষাৎকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অতীত চীন সফর এবং ২০২৬ সালের এপ্রিলে অনুষ্ঠিত সফরসমূহ স্মরণ করে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়া ১ হাজার শয্যার বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল নির্মাণ এবং ক্যানসার চিকিৎসায় প্রযুক্তিগত সহযোগিতার জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বিদায়ী রাষ্ট্রদূতও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন