মাগুরায় ভূতুড়ে বিল: জিএম বরখাস্ত, গ্রাহকের কাছে মন্ত্রীর দুঃখ প্রকাশ
অনলাইন ডেস্ক: মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক আবাসিক গ্রাহককে ৫০৬ কোটি ৮৩ লাখ টাকার ভূতুড়ে বিল দেওয়ার ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মহিতুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের নির্দেশে বুধবার (৩০ সেপ্টেম্বর) পল্লী বিদ্যুতায়ন বোর্ড এ প্রশাসনিক ব্যবস্থা নেয়।
এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সরাসরি ভুক্তভোগী গ্রাহকের সঙ্গে ফোনে কথা বলে অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি গ্রাহককে সঠিক বিল প্রস্তুতের বিষয়টি নিশ্চিত করেন এবং ভবিষ্যতে এমন যেকোনো সমস্যায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সরাসরি অবগত করার আহ্বান জানান। এ অনিয়মের সঙ্গে জড়িত অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
জানা যায়, মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুল ইসলামের স্ত্রী মোছা. আলেয়া খাতুনের সেপ্টেম্বর মাসের মিটারে ২৩৫ ইউনিট ব্যবহারের বিপরীতে ডিমান্ড চার্জ ৪৮২ কোটি ৬৯ লাখ টাকাসহ মোট ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিল ইস্যু করা হয়। নির্ধারিত সময় পার হলে যার পরিমাণ দাঁড়াত ৫৩০ কোটি ৯৬ লাখ টাকা! অথচ ওই ২৩৫ ইউনিটের প্রকৃত বিল ছিল মাত্র ১ হাজার ৯৬৩ টাকা।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, মিটার পরিবর্তনের সময় দায়িত্বপ্রাপ্তদের অসাবধানতাবশত মিটারের সিল নম্বরের ডিজিটগুলো ভুল করে ডিমান্ড চার্জের ঘরে পোস্টিং হয়ে যাওয়ায় এমন অস্বাভাবিক টাকার অঙ্ক তৈরি হয়।
এ বিষয়ে বিদ্যুৎমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনবান্ধব সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং বিদ্যুৎ সংক্রান্ত গ্রাহক ভোগান্তির যেকোনো অভিযোগে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এআইএল/সকালবেলা