কাঁচপুরে ডোবা থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
মোঃ আক্তার হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে মো. আইয়ুব হোসেন (৫০) নামে এক ভাঙারি ব্যবসায়ীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আইয়ুব হোসেন কাঁচপুর উত্তরপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে। তিনি মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত থেকে নিখোঁজ ছিলেন। স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর কোনো সন্ধান পাননি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কাঁচপুরের জালালাবাদ ওষুধ কোম্পানির কাছে একটি ভাঙারি গোডাউনের পেছনের ডোবায় স্থানীয়রা একটি হাত-পা বাঁধা বস্তা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দী লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য জামির হোসেন নামে এক নিরাপত্তা প্রহরীকে আটক করেছে পুলিশ।
লাশ উদ্ধারের খবর পেয়ে নারায়ণগঞ্জের 'খ' সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শনাক্তে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এআইএল/সকালবেলা