বিগত সময়ের শিক্ষা বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল: শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক: বিগত সরকারের আমলে শিক্ষাখাতের বাজেট বরাদ্দে মূলত ‘শুভঙ্করের ফাঁকি’ ছিল বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম. এহসানুল হক মিলন। একই সঙ্গে বর্তমান শিক্ষাব্যবস্থায় যুগোপযোগী পরিবর্তন আনার তাগিদ দিয়েছেন তিনি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এই মন্তব্য করেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্য করে শিক্ষামন্ত্রী বলেন, "প্রত্যেককে নিজের লক্ষ্য সুনির্দিষ্টভাবে নির্ধারণ করতে হবে। যার প্রকৃত মেধা আছে, বিশ্বমঞ্চে তার কোনো ভিসার প্রয়োজন হয় না।" তিনি জোর দিয়ে বলেন, বর্তমান তরুণ শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশের মূল কারিগর।
শিক্ষায় সরকারের নতুন কল্যাণমূলক পরিকল্পনার কথা উল্লেখ করে মন্ত্রী আরও ঘোষণা দেন, শিক্ষার্থীদের চাহিদা ও সুবিধার কথা মাথায় রেখে আগামী বছর থেকে সারা দেশে মোট ১ কোটি ১২ লাখ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস প্রদান করা হবে।
অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবও বক্তব্য রাখেন। তিনি হলে সিট দখল ও রুম দখলের রাজনীতি আর কখনো ক্যাম্পাসে ফিরতে দেওয়া হবে না বলে উল্লেখ করেন এবং শিক্ষার্থীদের সচেতন থাকার পরামর্শ দেন।