মক্কা-মদিনার নিরাপত্তাকে রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে রাখতে হবে: চরমোনাই পীর
বিশেষ প্রতিবেদক: মক্কা ও মদিনার নিরাপত্তাকে সব ধরনের রাজনৈতিক বিরোধ ও সংঘাতের ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানান তিনি।
বিবৃতিতে মক্কা ও মদিনা অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করে চরমোনাই পীর বলেন, "গতকাল মক্কা-মদিনায় সতর্কতামূলক সাইরেন বাজায় গোটা মুসলিম উম্মাহ উদ্বিগ্ন হয়ে পড়েছিল। হারামাইন শরীফাইন বিশ্বজুড়ে কোটি কোটি মুসলিমের প্রাণস্পন্দন ও আবেগের জায়গা। ফলে মক্কা-মদিনার নিরাপত্তাকে যেকোনো ভূ-রাজনৈতিক সংঘাতের বাইরে রাখা জরুরি।"
তবে হুতিদের পক্ষ থেকে পবিত্র এই দুই শহরের নিরাপত্তার প্রতি হুমকি না সৃষ্টির বার্তা পাওয়াকে স্বস্তিদায়ক উল্লেখ করে তিনি এ অবস্থানের ওপর অটল থাকার আহ্বান জানান। একই সাথে সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসলামের প্রধান দুই পবিত্র স্থানের সুরক্ষার খাতিরে এমন কোনো রাজনৈতিক বিরোধে জড়ানো উচিত নয়, যাতে পবিত্র নগরী দুটির মর্যাদা ও নিরাপত্তা ক্ষুণ্ন হয়।
পরিশেষে চরমোনাই পীর আরও বলেন, "হারামাইন শরীফাইনের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় বাংলাদেশের জনগণ সবসময় সৌদি আরবের পাশে ছিল এবং থাকবে, ইনশাআল্লাহ।"
এআইএল/সকালবেলা