কেরানীগঞ্জের মরহুম আলেমদের ‘জীবনকথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:১৮ অপরাহ্ণ
কেরানীগঞ্জের মরহুম আলেমদের ‘জীবনকথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

বিশেষ প্রতিনিধি: কেরানীগঞ্জের মরহুম আলেমদের জীবন, কর্ম ও অবদান সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তাঁদের ঐতিহ্যবাহী পরিচয় তুলে ধরার লক্ষ্যে “কেরানীগঞ্জের মরহুম আলেমদের জীবনকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। 

তরুণ আলেমদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ‘নাহদাতুল উলামা কেরানীগঞ্জ’-এর উদ্যোগে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৩টায় জিনজিরা বাস রোডস্থ কেরানীগঞ্জ প্রেসক্লাবে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

কেরানীগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, কেরানীগঞ্জের আলেম-উলামাগণ যুগে যুগে দ্বীনি শিক্ষা বিস্তার, সমাজ সংস্কার ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁদের জীবন ও কর্ম লিপিবদ্ধ করার এই প্রয়াস ইতিহাস সংরক্ষণের ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে। তরুণ আলেমদের সংগঠন ‘নাহদাতুল উলামা কেরানীগঞ্জ’ এই ঐতিহাসিক কাজটি আঞ্জাম দেওয়ায় তাঁরা সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে নাহদাতুল উলামা কেরানীগঞ্জের আহ্বায়ক মাওলানা মাহমুদুল হাসান বলেন: "এই জীবনীগ্রন্থটি সংক্ষিপ্ত পরিসরে প্রকাশিত হলেও এটি আমাদের বৃহত্তর পথচলার সূচনা মাত্র। কেরানীগঞ্জের আরও বহু আলেম ও গুণীজনের জীবন, কর্ম ও অবদান নিয়ে ভবিষ্যতে বিস্তৃত গবেষণা ও প্রকাশনার কাজ পরিচালনা করার পরিকল্পনা আমাদের রয়েছে। আমরা চাই আগামী প্রজন্ম পূর্বসূরি আলেমদের সংগ্রাম, ত্যাগ ও অবদান সম্পর্কে জানুক এবং নিজেদের জীবনে তা ধারণ করুক।"

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম মাওলানা মুহাম্মাদ হেদায়েত উল্লাহ, মাওলানা আতিকুর রহমান ভূঁইয়া, মাওলানা আবুল কালাম আজাদ সেলিম, মাওলানা রাসেল আমিন, মাওলানা মাশহুদ ফরিদী, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা মাসউদুর রহমান, মাওলানা বেলাল হুসাইন খান, মাওলানা উসমান গনি এবং মাওলানা জাকারিয়া আল হুসাইন প্রমুখ।

এছাড়াও নাহদাতুল উলামা কেরানীগঞ্জের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সাধারণ সদস্য ও স্থানীয় সুধীজন মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন