পাঁচবিবিতে মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের জালে
মোস্তাকিন হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে ৩০০ পিস আমদানি নিষিদ্ধ ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) সহ আবুজার রহমান (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
আজ রবিবার বিকেলে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সীমান্তঘেঁষা শ্রীমন্তপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক আবুজার উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উচনা গ্রামের মো. শাহার উদ্দিনের ছেলে।
জয়পুরহাট জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম আসাদ জানান, রবিবার বিকেলে তাঁদের কাছে গোপন সংবাদ আসে যে, ভারত সীমান্ত গলিয়ে একটি মাদকের চালান দেশে প্রবেশ করছে। এই সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সিনিয়র এসআই মো. শাখাওয়াত হোসেনের নেতৃত্বে শ্রীমন্তপুর এলাকায় একটি বিশেষ চৌকস দল ওঁত পেতে থাকে। পরে সন্দেহভাজন আবুজারকে তল্লাশি করে ৩০০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন অ্যাম্পুলসহ হাতেনাতে আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, আটককৃত আবুজারের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ বিষয়ে জয়পুরহাটের জেলা পুলিশ সুপার শাহনাজ বেগম জানান, সমগ্র জেলা এবং বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদক চোরাচালান ও কেনাবেচা রুখতে ডিবিসহ পুলিশের অন্যান্য সকল ইউনিটের চিরুনি অভিযান আরও জোরদার করা হবে। মাদকের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না।
এআইএল/সকালবেলা
|