প্রতারণা নিয়ে সতর্কবার্তা চসিক মেয়রের
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের নাম ও পদবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক প্রতারণার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাধারণ নগরবাসীকে বিভ্রান্ত না হতে এবং সতর্ক থাকার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে চসিক কর্তৃপক্ষ।
চসিকের জনসংযোগ শাখা থেকে জানা গেছে, একটি চক্র ০১৮২৯-৬১৪৬৩২ মোবাইল নম্বরটি ব্যবহার করে বিভিন্ন মানুষের কাছে নিজেদের চসিক মেয়রের প্রতিনিধি বা খোদ মেয়র পরিচয় দিয়ে ফোন করছে। ফোনকলে তারা করপোরেশনের বিভিন্ন কাজের দোহাই দিয়ে মোটা অঙ্কের অর্থ দাবি করছে বলে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, মেয়র ডা. শাহাদাত হোসেন কিংবা চসিকের কোনো পদস্থ কর্মকর্তা কখনোই ফোনকলের মাধ্যমে কোনো ধরনের অর্থ, অনুদান, চাঁদা কিংবা আর্থিক লেনদেনের অনুরোধ করেন না। সুতরাং, এই ধরনের কোনো সন্দেহভাজন ফোনকল পেলে কেউ যেন কোনো আর্থিক লেনদেন না করেন। একই সাথে নিজের ব্যক্তিগত তথ্য বা ব্যাংকিং সংক্রান্ত কোনো গোপন পিন বা পাসওয়ার্ড শেয়ার না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
চসিকের পক্ষ থেকে আরও বলা হয়, মেয়রের নাম ব্যবহার করে প্রতারণার এমন কোনো ঘটনা কারও নজরে এলে, তা যেন তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়।
এদিকে, এই চক্রের খপ্পরে পড়ে ইতিমধ্যেই সন্দ্বীপের গাছুয়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য মো. আশরাফ খান নামের এক যুবক প্রতারিত হয়েছেন বলে দাবি করেছেন। তিনি জানান, গত দুদিন আগে ‘মেয়র সাহেবের লোক’ পরিচয় দিয়ে চট্টগ্রামের আল আমিন মেডিকেলের সামনে কৌশলে তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।
চসিক কর্তৃপক্ষ জানিয়েছে, মেয়রের নাম জড়িয়ে এই চক্রের জালিয়াতি ও প্রতারণার বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।
এআইএল/সকালবেলা
|