ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দিনমজুর নিহত
আহমেদ লিওন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যান দুমড়ে-মুচড়ে গিয়ে তোরাব মোল্লা (৭০) নামে এক বৃদ্ধ দিনমজুর নিহত হয়েছেন। এই ঘটনায় অটোভ্যান চালক বজলু মৃধা (৪৫) মারাত্মক আহত হয়েছেন।
আজ সোমবার (১৫ জুন) ভোর সাড়ে ৫টার দিকে ভাঙ্গা বাসস্ট্যান্ডের উত্তর-পূর্ব পাশে মধ্য হাসমদিয়া এলাকায় ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত তোরাব মোল্লা উপজেলার চৌধুরীকান্দা সদরদী গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সংসারের অভাব-অনটন দূর করতে প্রতিদিনের মতো আজ ভোরেও কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়েছিলেন তোরাব মোল্লা। স্থানীয় হাটে গিয়ে দিনমজুর হিসেবে শ্রম বিক্রি করেই চলত তাঁর পরিবারের জীবিকা। কিন্তু কর্মস্থলে পৌঁছানোর আগেই পথেই প্রাণ হারাতে হলো তাঁকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে তোরাব মোল্লাকে নিয়ে অটোভ্যানটি সার্ভিস লেন দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট-১২-৩৫৪৪) অটোভ্যানটিকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে এবং তোরাব ও ভ্যানচালক বজলু মৃধা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তোরাব মোল্লাকে মৃত ঘোষণা করেন। আহত চালক বজলু মৃধাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল খান সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছান এবং নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত অটোভ্যান এবং ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে কাভার্ড ভ্যানের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি। এই বিষয়ে সড়ক পরিবহন আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জীবিকার তাগিদে বের হয়ে বৃদ্ধ দিনমজুরের এমন আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার ও নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চরাঞ্চল ও এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এমন দুর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশের আরও কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এআইএল/সকালবেলা
|