কুষ্টিয়া হাসপাতালের সাবেক আরএমও'র বিরুদ্ধে মামলা
কাঞ্চন কুমার, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে কর্মচারী নিয়োগে প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তৎকালীন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমামের বিরুদ্ধে বিভাগীয় মামলা (১০/২০২৬) দায়ের করা হয়েছে।
তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের শৃঙ্খলা-১ শাখা থেকে এ সংক্রান্ত চিঠি জারি করা হয়।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত ওই নোটিশে জানানো হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর ৩(খ) ধারা অনুযায়ী তাঁর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনা হয়েছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে কেন তাঁকে চাকরি থেকে বরখাস্ত বা উপযুক্ত শাস্তি দেওয়া হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ২৪ অক্টোবর সিভিল সার্জন অফিসের ১১-২০ গ্রেডের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অভিযোগ ওঠে, ডা. হোসেন ইমাম অর্থের বিনিময়ে প্রশ্নফাঁস করে নিজ বাসায় কয়েকজন পরীক্ষার্থীকে রেখে পরীক্ষা নেওয়ার সুযোগ করে দেন। এ নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে তৎকালীন জেলা প্রশাসকের নির্দেশে এবং স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটির দীর্ঘ অনুসন্ধানে জালিয়াতির প্রমাণ মেলে।
উল্লেখ্য, সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী, পরিসংখ্যানবিদ, ড্রাইভারসহ ৭টি ক্যাটাগরির ১১৫টি শূন্য পদের বিপরীতে উক্ত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এ দুর্নীতিকাণ্ডে আরও কেউ জড়িত আছেন কি না—জানতে চাইলে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এস এম কামাল হোসেন জানান, তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদনই বিষয়টি স্পষ্ট বলতে পারবে।
এআইএল/সকালবেলা
|