ধোপাদহ–নয়াপাড়া সড়কের বেহাল দশায় দুর্ভোগে হাজারো মানুষ
তৌকির আহাম্মেদ হাসু, জামালপুর: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ধোপাদহ–নয়াপাড়া এলাকার কাঁচা সড়কটি দীর্ঘদিনেও পাকা না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েকটি গ্রামের হাজারো মানুষ। ৪ নম্বর ওয়ার্ডের ধোপাদহ-নয়াপাড়া কেন্দ্রীয় মসজিদ থেকে ডি.জে.এস আইডিয়াল স্কুল হয়ে ভূইয়া বাড়ি তালতলা পুকুরপাড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কটি সংস্কারের অভাবে বর্ষা মৌসুমে কাদা-পানিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
স্থানীয়রা জানান, শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চলাচলের অন্যতম প্রধান পথ এটি। কিন্তু সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা কাদায় রূপ নেয়ায় রিকশা, ভ্যান বা মোটরসাইকেল চালানো তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচলেও চরম ঝুঁকি পোহাতে হয়।
সবচেয়ে বেশি বিপাকে পড়েছে ডি.জে.এস আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা। স্থানীয় এই গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানটি জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের ভোটকেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়। বর্ষাকালে কাদা ভেঙে স্কুলে যেতে গিয়ে শিক্ষার্থীদের পোশাক নষ্ট হয়, যা উপস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এছাড়া জরুরি রোগী পরিবহন ও কৃষিপণ্য সরবরাহেও ভোগান্তি পৌঁছেছে চরমে।
ডি.জে.এস আইডিয়াল স্কুলের সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম ও প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম রাসেল জানান, সড়কটি অবহেলার কারণে শিক্ষা ও যাতায়াত ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি।
এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। সড়কটি দ্রুত পাকাকরণে উপজেলা প্রশাসন, এলজিইডি ও স্থানীয় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।
এআইএল/সকালবেলা
|