দীঘিনালা জোনের উদ্যোগে ২৬ হাজার গাছের চারা বিতরণ
রুপম চাকমা, দীঘিনালা: পার্বত্য খাগড়াছড়ি জেলার দীঘিনালা এলাকায় পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দীঘিনালা জোনের উদ্যোগে এক ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ রবিবার (১৯ জুলাই) ৩নং কবাখালি ইউনিয়ন এলাকায় দীঘীনলা জোনের (৪ ইবি) ব্যবস্থাপনায় স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনসাধারণের মাঝে মোট ২৬ হাজারটি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়।
চারা বিতরণ কর্মসূচিতে দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর শিবাবুন সাকিব রুশাদ, পিএসসি (৪ইবি) এবং এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আজমীসহ জোনাল স্টাফরা উপস্থিত ছিলেন।
বিতরণকালে উপস্থিত জনসাধারণের উদ্দেশে দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর শিবাবুন সাকিব রুশাদ পিএসসি বলেন, “একটি সবুজ, টেকসই ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং পাহাড়ের ভূমিধস ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পার্বত্য অঞ্চলের প্রতিটি নাগরিককে যার যার অবস্থান থেকে অন্তত একটি করে গাছ রোপণ করা এবং রোপণকৃত গাছের সঠিক পরিচর্যার দায়িত্ব নিতে হবে।”
সেনাবাহিনীর এই বিশাল সবুজায়ন কর্মসূচিতে স্থানীয় ৩নং কবাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা, ২নং বোয়ালখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কার্বারি ও সেনাবাহিনীর জোয়ানরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী স্থানীয় পাহাড়ি ও বাঙালি বাসিন্দারা দীঘিনালা জোনের এই চমৎকার পরিবেশবান্ধব ও মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান। ওনারা প্রত্যন্ত পাহাড়ি এলাকায় পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ভবিষ্যতেও সেনাবাহিনীর এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
দীঘিনালা জোন কর্তৃপক্ষ সংবাদ মাধ্যমকে জানায়, পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে দীঘিনালা জোন ভবিষ্যতেও স্থানীয় প্রশাসন ও জনগণের সহযোগিতা নিয়ে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণমূলক বিভিন্ন দূরদর্শী কার্যক্রম পরিচালনা করে যাবে।
|