ভালুকায় ২৯ কেজি গাঁজাসহ চালক আটক

প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ণ
ভালুকায় ২৯ কেজি গাঁজাসহ চালক আটক

মো. জাকির হোসাইন রাজু, ময়মনসিংহ (ভালুকা) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় পিকআপ ভ্যানে বিশেষ প্রকোষ্ঠ বানিয়ে বিপুল পরিমাণ মাদক পাচারের অভিনব চেষ্টা নস্যাৎ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের মেজরভিটা এলাকা থেকে ২৯ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে একটি হলুদ রঙের ছোট পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালায়। বাহনটি বাহ্যিকভাবে সাধারণ মনে হলেও চালকের আসন ও পেছনের লুকানো বিশেষ চেম্বার থেকে ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে মাদকের চালান ও ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করার পাশাপাশি গাড়িচালককে আটক করা হয়েছে। তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

র‍্যাব কর্মকর্তারা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে মাদক সিন্ডিকেটগুলো যানবাহনের কাটামো পরিবর্তন করে গোপন চেম্বারের মাধ্যমে মাদক পাচার করছে। এই চালানের পেছনে কোনো বড় চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন