ভারতে পালানোর সময় নির্বাচন অফিস কর্মচারী সুশান্ত আটক

প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ণ
ভারতে পালানোর সময় নির্বাচন অফিস কর্মচারী সুশান্ত আটক

মোঃ ইউসুফ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জ সীমান্তে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের এক চুক্তিভিত্তিক কর্মচারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ব্যক্তি সুশান্ত চন্দ্র বিশ্বাস (৩৪) কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের বাসিন্দা। তিনি জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বিজিবি সূত্রে জানা যায়, রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীন গুটিবাড়ী বিওপির মোংলামবস্তি চা-বাগান সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে বিজিবির টহলদল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি গত প্রায় এক মাস ধরে অনুমোদিত ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। বৃহস্পতিবার শ্রীমঙ্গলের একটি হোটেলে অবস্থান নিয়ে এক দালালের সহায়তায় শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন তিনি।

আটকের সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন, নগদ ১২ হাজার ১৮৫ টাকা, দুটি এনআইডি কার্ড, ছয়টি পরিচয়পত্র ও ব্যবহৃত দাপ্তরিক সিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কাগজপত্র ও তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই-বাছাই করা হচ্ছে।

বিজিবি জানায়, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন