খুলনার সন্ত্রাসী অস্ত্রসহ ঢাকায় গ্রেপ্তার

প্রকাশ: সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ণ
খুলনার সন্ত্রাসী অস্ত্রসহ ঢাকায় গ্রেপ্তার

খুলনা অফিস: খুলনায় সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় পুলিশের বিশেষ অভিযানে আত্মগোপনে থাকা পাঁচ শীর্ষ সন্ত্রাসীকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

গতকাল রবিবার (২১ জুন) ঢাকার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে খুলনায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন শেখপাড়া মেইন রোড এলাকার বাসিন্দা মোহাম্মদ তুষার শিকদার, গোবরচাকার আবরার ফয়সাল বাদিন, শেখপাড়া লোহাপট্টির আল আমিন, সোনাডাঙ্গার নবীনগর এলাকার আসিফ এবং টুটপাড়া জোড়াকল বাজার এলাকার সাজ্জাদ হোসেন সাব্বির।

আজ সোমবার (২২ জুন) সকালে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (কেএমপি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ আহদুজ্জামান।

তিনি জানান, খুলনা মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলতি মাসের ১ থেকে ২০ তারিখ পর্যন্ত বিশেষ নজরদারি ও অভিযান শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদ এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকায় আত্মগোপনে থাকা এই পাঁচ অভিযুক্তের অবস্থান নিশ্চিত করা হয়। পরে ডিবি পুলিশের একটি বিশেষ টিম ঢাকার বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাদের খ পাকড়াও করে।

ডিবি কর্মকর্তা মোহাম্মদ আহদুজ্জামান আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা খুলনার বিভিন্ন সক্রিয় অপরাধী চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, মাদক চোরাচালান ও চাঁদাবাজিসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি নতুন মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন