নাটোরে ভ্যানচালক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

প্রকাশ: বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ণ
নাটোরে ভ্যানচালক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

মোল্লা মো: আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি: নাটোরে ভ্যানচালককে হত্যা করে ভ্যান ছিনতাইয়ের আট বছর আগের আলোচিত মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাঁদের আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। একই সঙ্গে মামলার অপর একটি ধারায় তাঁদের আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়াও মামলার অপর আসামি ইয়াকুব আলীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সব দণ্ড একসঙ্গে কার্যকর হবে।

আজ বুধবার (২২ জুলাই ২০২৬) নাটোরের জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন—বাগাতিপাড়া উপজেলার বগুনিয়া গ্রামের শরিফুল ইসলাম, মাজেদুল মণ্ডল, মো. রানা এবং কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার লিটন ওরফে মিঠুন মণ্ডল। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রানা শুরু থেকেই পলাতক রয়েছেন। অন্যদিকে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি ইয়াকুব আলী রাজশাহীর বাঘা উপজেলার বাসিন্দা।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর রাতে রাজশাহীর বাঘা উপজেলার বড়বাড়িয়া গ্রামের ১৬ বছর বয়সী ভ্যানচালক প্রান্তকে বাগাতিপাড়ার পাঁকা বাজারে যাওয়ার কথা বলে ভাড়া করা হয়। রাতে সে আর বাড়ি ফেরেনি। পরদিন ৩০ সেপ্টেম্বর সকালে বাগাতিপাড়ার সালাইনগর এলাকার একটি ফসলি জমি থেকে হাত-পা বাঁধা ও মুখে কাপড় গোঁজা অবস্থায় তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের বাবা জিয়া সরদার বাদী হয়ে বাগাতিপাড়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ তদন্ত শেষে পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন