মুকসুদপুরে রিয়ানের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রকাশ: বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০২ অপরাহ্ণ
মুকসুদপুরে রিয়ানের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে ১৩ বছরের কিশোর রিয়ান মোল্লা হত্যার বিচার ও জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২২ জুলাই ২০২৬) বিকেল ৫টায় উপজেলার কমলাপুর গ্রামের খোন্দকার বাজারে এ কর্মসূচি পালিত হয়। এতে নিহত রিয়ানের পরিবার, আত্মীয়স্বজন ও এলাকার সর্বস্তরের জনগণ অংশ নেন।

মানববন্ধন চলাকালে অংশগ্রহণকারীরা অভিযুক্তদের ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল এলাকা প্রদক্ষিণ করে।

মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে বক্তারা বলেন, উপজেলার কমলাপুর গ্রামের দুলাল মোল্লার ছেলে আরিফ মিয়া (২০) ও রবিউল শেখের ছেলে মুরছালিন শেখ (১৬) পরিকল্পিতভাবে প্রতিবেশী রিপন মোল্লার ছেলে রিয়ান মোল্লাকে হত্যা করে পরিত্যক্ত পুকুরে ফেলে রাখে। এই নৃসংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে।

কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, কমলাপুর জাগ্রত যুব উন্নয়ন সংগঠনের সভাপতি জসিম উদ্দিন, নিহতের পিতা রিপন মোল্যা ও চাচা স্বপন মোল্যা।

উল্লেখ্য, গত রবিবার (১৯ জুলাই) রিয়ান মোল্লাকে বাসা থেকে ডেকে নিয়ে যায় তার দুই সঙ্গী আরিফ ও মুরছালিন। এরপর থেকে সে নিখোঁজ ছিল। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে ওই দুই তরুণকে জিজ্ঞাসাবাদ করলে তাদের স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার (২১ জুলাই) শেষ রাতে আওলাদ মোল্লার বাগানের একটি পরিত্যক্ত পুকুর থেকে রিয়ানের মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং স্থানীয়রা মূল অভিযুক্ত আরিফ ও মুরছালিনকে পুলিশে সোপর্দ করে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন