ধর্ষণ মামলা: এনসিপি নেতা দল থেকে বহিষ্কার

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ণ
ধর্ষণ মামলা: এনসিপি নেতা দল থেকে বহিষ্কার

চট্টগ্রাম ব্যুরো: কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য মো. আফতাব মজুমদার জয়কে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) বিকেলে দলের চট্টগ্রাম মহানগর কমিটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন আফতাব। মামলার অভিযোগমতে, গত ১৪ জুলাই রাতে নগরীর চান্দগাঁও থানাধীন ‘সুইট প্যালেস’ হোটেলের ২০৮ নম্বর কক্ষে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন তিনি। পরবর্তীতে ওই তরুণী বিয়ের তাগিদ দিলে আফতাব যোগাযোগ বন্ধ করে দেন। পরে ভুক্তভোগী জানতে পারেন, অভিযুক্ত ব্যক্তি পূর্বে থেকেই বিবাহিত।

এ ঘটনায় গত ১৯ জুলাই ভুক্তভোগী তরুণী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, মামলা দায়েরের পর র‌্যাব-৭ অভিযান চালিয়ে আফতাব মজুমদার জয়কে আটক করে। পরে বুধবার রাতে তাঁকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়। আজ বৃহস্পতিবার সকালে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, জয়ের গ্রেফতারের খবর পেয়ে দলীয় নীতি-আদর্শ ও শৃঙ্খলাভঙ্গের দায়ে তাঁকে দল থেকে স্থায়ী বহিষ্কার করেছে এনসিপি।

বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, এনসিপির নীতি ও আদর্শ বজায় রাখা প্রত্যেক সদস্যের নৈতিক দায়িত্ব। কিন্তু আফতাব মজুমদারের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ ওঠায় চট্টগ্রাম মহানগর কমিটির জরুরি সিদ্ধান্ত এবং আহ্বায়ক ও সদস্যসচিবের নির্দেশক্রমে তাঁকে সদস্য পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ ২৩ জুলাই থেকেই এই আদেশ কার্যকর করা হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন