মনিরামপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
আব্দুল্লাহ আল মামুন, যশোর: যশোরের মনিরামপুরে খরিপ-২ মৌসুমে ২ হাজার ২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আজ বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মনিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার বীথি এবং সঞ্চালনা করেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তবিবুর রহমান।
উপজেলা কৃষি বিভাগ জানায়, কর্মসূচির আওতায় বাছাইকৃত প্রতিটি কৃষককে চালকুমড়া, লাউ, শসা, পুঁইশাক, কলমিশাক, মিষ্টিকুমড়া ও বেগুনের বীজের পাশাপাশি ১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হয়েছে। গ্রীষ্মকালীন সবজি আবাদে কৃষকদের উৎসাহিত করা এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফজলুল হক, পৌর বিএনপির সভাপতি খাইরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা শারমিন শাহানাজসহ সুশীল সমাজের প্রতিনিধিবর্গ।
এআইএল/সকালবেলা
|