জামালপুরে ইট চুরির মামলায় ৪ আসামি কারাগারে
ডা. আজাদ খান, জামালপুর স্টাফ রিপোর্টার: জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নে সরকারি রাস্তার প্রায় ২ লাখ ৮০ হাজার ইট চুরির অভিযোগে ১০ জনের নাম উল্লেখসহ আরও ৪-৫ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার চার আসামি আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) জামালপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক আসামি মো. ফজলুল হক, মো. বিপুল মিয়া, মো. সাইফুল ইসলাম ও সজিব মিয়ার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৪ নম্বর দিগপাইত ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আসাদুজ্জামান বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলাটি দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ এপ্রিল থেকে ২০ এপ্রিলের মধ্যে বিভিন্ন সময়ে চুরির ঘটনাগুলো সংঘটিত হয়।
এজাহার অনুযায়ী, দিগপাইত ইউনিয়নের মেঘা দেওয়ানীর মোড় থেকে আয়নার মোড় এবং ময়নার মোড় থেকে গজারি আটা ভাঙুনি ঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সরকারি ইটের সোলিং রাস্তা থেকে আনুমানিক ২ লাখ ৮০ হাজার ইট চুরি করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা।
মামলার বাকি নামীয় আসামিরা হলেন— মান্নান, মোমিন, দুলাল উদ্দিন, শতী, ছোরহান ও শাওন। তাঁদের সবার বাড়ি জামালপুর সদর উপজেলার হবদেশ এলাকায়।
ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, স্থানীয় অনুসন্ধানে অভিযুক্তদের সম্পৃক্ততা নিশ্চিত হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ মামলা দায়ের করা হয়েছে। বিরল এই ইট চুরির ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এআইএল/সকালবেলা
|