শিশু ধর্ষণচেষ্টা আড়াই লাখ টাকায় রফাদফার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের ধলগ্রামে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনা স্থানীয়ভাবে আড়াই লাখ টাকার বিনিময়ে সালিশের মাধ্যমে রফাদফা করার অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা ফটো মিয়ার নেতৃত্বে এ সালিশ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর দুপুরে ধলগ্রামের প্রবাসফেরত দোকানদার ইসাক মিয়ার (৫৫) দোকানে চিপস কিনতে গেলে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়। শিশুটির আত্মচিৎকারে ঘটনাটি জানাজানি হয়। পরবর্তীতে স্থানীয় ফটো মিয়াসহ কয়েকজন সালিশদার অভিযুক্তের পরিবার ও শিশুটির স্বজনদের উপস্থিতিতে আড়াই লাখ টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসা করেন।
একটি কোমলমতি শিশুর ওপর নির্যাতনের ঘটনা টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। এতে অপরাধিরা উৎসাহিত হবে বলে আশঙ্কা প্রকাশ করে ঘটনার তদন্তপূর্বক অভিযুক্ত ইসাক মিয়া ও সালিশের আয়োজকদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এআইএল/সকালবেলা