মাগুরায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস, শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন

প্রকাশ: বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ
মাগুরায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস, শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন
 জাতীয় ডেস্ক: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাগুরায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে আজ বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় জেলা শহরের ঢাকা রোডের নবগঙ্গা সেতু সংলগ্ন এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান, জেলা পরিষদ প্রশাসক আলী আহম্মেদ, জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী স্থানীয় যোদ্ধারা এবং বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ ৪ আগস্ট নিহত বীর ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বীর কবর জিয়ারত করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

পরবর্তীতে শহরের নোমানী ময়দান সংলগ্ন জেলা অডিটোরিয়ামে এক ভাবগম্ভীর আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান বলেন, ‘আমাদের মূল লক্ষ্য একটি সম্পূর্ণ বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজব্যবস্থা সুপ্রতিষ্ঠিত করা। জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ ও রক্তের ঋণ শোধ করার একমাত্র পথ হলো একটি সুশাসনভিত্তিক প্রগতিশীল রাষ্ট্র গড়ে তোলা, যেখানে ঘুষ, দুর্নীতি ও কোনো প্রকার অন্যায়ের স্থান থাকবে না।’

আলোচনা সভায় অন্যান্য বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে শহীদদের মহান আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তাঁরা শহীদদের আদর্শ ও রক্তের চেতনা বাস্তবায়নে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং সুশাসনভিত্তিক নতুন বাংলাদেশ গঠনে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

মন্তব্য করুন