জামায়াতের অধঃপতনের কারণ তাদের রাজনৈতিক ইতিহাস: কাদের সিদ্দিকী

প্রকাশ: বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ণ
জামায়াতের অধঃপতনের কারণ তাদের রাজনৈতিক ইতিহাস: কাদের সিদ্দিকী

নূর আহাম্মদ পলাশ, কিশোরগঞ্জ প্রতিনিধি: জামায়াতে ইসলামীকে একটি ‘দুর্ভাগা দল’ উল্লেখ করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, দলটির রাজনৈতিক ইতিহাসই তাদের অধঃপতনের মূল কারণ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ জেলা কৃষক শ্রমিক জনতা লীগের প্রয়াত সভাপতি আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ—প্রতিটি ঐতিহাসিক সন্ধিক্ষণে জামায়াত জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী যখন এ দেশের মানুষের ওপর অমানুষিক নির্যাতন চালায়, তখনও দলটি স্বাধীনতার বিরোধিতা করে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছিল। এই ভুল রাজনৈতিক সিদ্ধান্তের কারণেই তাদের আজকের এ অধঃপতন।

দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, ড. ইউনুস দেশের যে ক্ষতি করেছেন, তা অভাবনীয়। তবে রাজনৈতিক শিষ্টাচার তুলে ধরে তিনি উল্লেখ করেন, জুলাই দিবসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ড. ইউনুসের প্রতি যে সম্মান প্রদর্শন করেছেন, তা-ই প্রকৃত রাজনৈতিক সংস্কৃতির পরিচয় বহন করে।

বর্তমান সরকারের মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক নানা জটিল সংকট সত্ত্বেও বর্তমান সরকার ড. ইউনুসের আমলের চেয়ে অনেক বেশি দক্ষতার সঙ্গে দেশ পরিচালনা করছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া একের পর এক কর্মসূচি ও বক্তব্যের কারণে মাঠপর্যায়ের সাধারণ ও নিরীহ নেতাকর্মীরাই নতুন করে প্রশাসনিক ও আইনি জটিলতার মুখে পড়ছেন। কোনো অনিয়মে জড়িত না থেকেও অনেকে ক্ষতির শিকার হচ্ছেন, যা রাজনৈতিক কৌশলের দিক থেকে নেতিবাচক।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন