রাজনগরে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, আসামি পলাতক

প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ণ
রাজনগরে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, আসামি পলাতক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আনিছ মিয়া (৬০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

অভিযুক্ত আনিছ মিয়া রাজনগর উপজেলার ৩ নম্বর মুন্সিবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের করিমপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে করিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত আনিছ মিয়া আত্মগোপনে রয়েছেন। ঘটনায় জড়িতকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন