ফেনীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত, আহত ৬
এম. জহিরুল হক মিলন, ফেনী প্রতিনিধি: ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনিয়া এলাকায় বেপরোয়া গতির গাড়ির চাপায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ফাতেমা আকতার সুরাইয়া নামের এক শিক্ষার্থী নিহত এবং অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন।
নিহত সুরাইয়া জয়লস্কর ইউনিয়নের চাঁনপুর গ্রামের হানিফের মেয়ে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (১৬ আগস্ট) বিকেলে একটি দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর উঠে পড়ে। এতে ঘটনাস্থলেই সুরাইয়ার মৃত্যু হয় এবং ৬ জন আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছেন।
এদিকে, মর্মান্তিক এ ঘটনার পর স্থানীয় বাসিন্দা, শিক্ষক ও অভিভাবকরা সড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ এবং দায়ী চালকের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন।
এআইএল/সকালবেলা
|