বরিশালে আওয়ামী নেতার হামলায় যুবক আহত
সাঈদ পান্থ, বরিশাল: জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে লোকমান হোসেন মোল্লা (২৩) নামের এক যুবককে হাতুড়িপেটা করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের এক সদস্য ও তাঁর স্বজনদের বিরুদ্ধে।
রোববার (১৬ আগস্ট) সকালে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের মহিষা গ্রামে এ ঘটনা ঘটে।
দুপুরে গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন লোকমান হোসেন জানান, তাঁদের ১৬ শতক জমি জোরপূর্বক দখলের জন্য দীর্ঘদিন ধরে চক্রান্ত করছিলেন একই গ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগের সরিকল ইউনিয়ন কমিটির সদস্য নাসির মোল্লা।
লোকমানের বাবা নিজাম মোল্লা জানান, জমিটি নিয়ে এর আগে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রে সালিশ বৈঠকে তাঁদের পক্ষে রায় হলেও নাসির মোল্লা তা অমান্য করেন। রোববার সকালে তিনি জমিতে কাজ করতে গেলে নাসির মোল্লা ও তাঁর ছেলেরা তাঁকে তাড়িয়ে দেন। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে তাঁর ছেলে লোকমানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত নাসির মোল্লা দাবি করেন, জমিটি তাঁদের পৈত্রিক সম্পত্তি এবং নিজাম মোল্লা গংরা তা জোরপূর্বক দখল করে রেখেছেন। বিষয়টি ভিন্নখাতে নিতে তাঁরা হামলার নাটক সাজিয়েছেন।
গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানান, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এআইএল/সকালবেলা
|