কোরআনের আলোয় আলোকিত প্রজন্ম গড়ে তুলতে হবে: এমপি আবু সুফিয়ান
মোহাম্মদ সোহেল রানা, চট্টগ্রাম জেলা ব্যুরো: দ্বীনি শিক্ষার বিস্তার ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ আবু সুফিয়ান। তিনি বলেন, “কোরআনের আলোয় আলোকিত ও সুশিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে এসব প্রতিষ্ঠানের পরিচালনায় সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।”
চট্টগ্রাম নগরীর গ্রীন সিটি জামে মসজিদ এবং জামেয়া দারুল উলুম সুন্নিয়া মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার ‘শুভ সবক উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী আয়োজনে এমপি আবু সুফিয়ান সরকারি তহবিল থেকে মসজিদটির সার্বিক উন্নয়নের জন্য তিন লক্ষ টাকা অনুদানের ঘোষণা দেন।
মসজিদ উন্নয়ন কমিটির সভাপতি হাজী মো. মুসার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির উপদেষ্টা এ. কে. এম পেয়ারু, এম. এ. হাশেম ও হাজ্বী মো. ইলিয়াস।
প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও টেকসই উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতা চেয়ে দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানান প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল ইসলাম আজিজী।
অনুষ্ঠান শেষে নতুন হেফজ ও এতিমখানার শিক্ষার্থীদের সফলতা এবং দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এআইএল/সকালবেলা
|