নোয়াখালীতে মা-নবজাতকের মৃত্যুতে বিচার দাবি
মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে ভুল চিকিৎসা ও অবহেলায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগে অভিযুক্ত চিকিৎসক দম্পতির সর্বোচ্চ শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
রোববার (১৬ আগস্ট) দুপুরে নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত উম্মে সালমা ওরফে নিশির বাবা ও সাংবাদিক এম এ আউয়াল।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, চিকিৎসকদের অবহেলার কারণেই সুস্থ অন্তঃসত্ত্বা উম্মে সালমা ও তাঁর নবজাতক সন্তানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) ২০২৫ সালের ১ জুলাই থেকে তিন বছরের জন্য চিকিৎসক মোহাম্মদ আক্তার হোসেন ওরফে অভি এবং তাঁর স্ত্রী ফৌজিয়া ফরিদের সনদ ও নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করে। বিএমডিসি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানালেও নিবন্ধন স্থগিত থাকা অবস্থায়ও অভিযুক্ত চিকিৎসকরা বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন।
এম এ আউয়াল প্রশ্ন তোলেন, ফৌজিয়া ফরিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলমান থাকা সত্ত্বেও চিকিৎসক মোহাম্মদ আক্তার হোসেনকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে, যা চরম অনিয়ম। এ ছাড়া অভিযুক্তদের ভয়ভীতি ও হুমকির কারণে ভুক্তভোগী পরিবার ও মামলার সাক্ষীরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি করা হয়।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত দুই চিকিৎসককে সরকারি চাকরি থেকে বরখাস্ত, প্রাইভেট প্র্যাকটিস বন্ধ এবং আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
এআইএল/সকালবেলা
|