কমলগঞ্জে কিশোরী ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ২
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক কিশোর এবং ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে স্থানীয় এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) রাতে পতনঊষার ইউনিয়নের বলরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা রেহেনা আক্তার বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলায় অভিযুক্তরা হলেন—বলরামপুর গ্রামের রাহুল ইসলাম রিপন (১৪) এবং স্থানীয় ইউপি সদস্য আব্দুল মুমিন (৪০)।
ভুক্তভোগী পরিবারের দাবি, প্রায় ২৬ দিন আগে ওই কিশোরী ধর্ষণের শিকার হয়। তবে ঘটনার পর থেকে ইউপি সদস্য আব্দুল মুমিন বিষয়টি স্থানীয়ভাবে সালিশের নামে ধামাচাপা দেওয়া এবং আলামত নষ্টের চেষ্টা করেন। কোনো বিচার না পেয়ে পরবর্তীতে ভুক্তভোগীর পরিবার পুলিশের শরণাপন্ন হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন জানান, মামলার ভিত্তিতে অভিযুক্ত দুইজনকে আটক করা হয়েছে এবং রোববার (১৬ আগস্ট) তাঁদের আদালতে পাঠানো হবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে অপরাধ ধামাচাপা দেওয়ার অভিযোগ ওঠায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এআইএল/সকালবেলা
|