কিশোরগঞ্জ সদরের দানাপাটুলী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মোশারফ হোসেন
নূর আহাম্মদ পলাশ, কিশোরগঞ্জ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ সদর উপজেলার ১১ নম্বর দানাপাটুলী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে অত্যন্ত জোরালোভাবে আলোচনায় উঠে এসেছেন তরুণ ও প্রগতিশীল ব্যক্তিত্ব মোশারফ হোসেন। দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে নিয়মিত গণসংযোগ, বহুমুখী জনসেবামূলক কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকার সুবাদে তিনি অত্র এলাকার সাধারণ ভোটার ও সর্বস্তরের মানুষের বিশেষ নজর কাড়তে সক্ষম হয়েছেন।
সংবাদ সূত্রে জানা যায়, মোশারফ হোসেন একটি অত্যন্ত ঐতিহ্যবাহী ও প্রথিতযশা সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তাঁর মরহুম দাদা দানবীর হাজী আমির উদ্দিন সাহেব ছিলেন এই অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় এবং একজন সফল সাবেক ইউপি চেয়ারম্যান। তৎকালীন সময়ে এলাকার শিক্ষা বিস্তার, অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়ন এবং ধর্মীয় ও দ্বীনি শিক্ষার প্রসারে তিনি নিজ উদ্যোগে সুপরিচিত ‘আলহাজ্ব আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়’সহ একাধিক মসজিদ, কওমি ও হাফিজিয়া মাদ্রাসা এবং বহু জনকল্যাণমূলক জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন। সেই গৌরবোজ্জ্বল পারিবারিক ঐতিহ্য, মানবসেবা এবং সামাজিক অবদানের সুমহান ধারাবাহিকতা অটুট রেখেই নাতি মোশারফ হোসেন আজ দানাপাটুলী ইউনিয়নের সাধারণ মানুষের আস্থার প্রতীক ও নির্ভরতার ঠিকানায় পরিণত হওয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছেন।
ব্যক্তিগত ও সামাজিক জীবনে মোশারফ হোসেন কেবল একজন সাধারণ রাজনৈতিক বা সমাজকর্মীই নন, বরং তিনি ধর্মীয় ও আধ্যাত্মিক অঙ্গনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল ভূমিকা পালন করে চলেছেন। বর্তমানে তিনি দানাপাটুলী ইউনিয়ন শাখা তাবলীগ জামাতের ‘আমীর’ হিসেবে সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ‘ইমাম ওলামা পরিষদ, ১১ নং দানাপাটুলী ইউনিয়ন’-এর সম্মানিত সদস্য সচিবের দায়িত্বও নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন।
স্থানীয়রা জানান, তাঁর সুদক্ষ নেতৃত্ব, সুশৃঙ্খল দিকনির্দেশনা ও ঐকান্তিক প্রচেষ্টার ফলেই দানাপাটুলী ইউনিয়ন তাবলীগ জামাতের সামগ্রিক কার্যক্রম আজ গোটা কিশোরগঞ্জ জেলাজুড়ে এক অনন্য ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে এবং এর সুখ্যাতি দেশজুড়ে ইতিবাচক পরিচিতি লাভ করেছে।
জনদুর্ভোগ লাঘব ও সাধারণ মানুষের আপদে-বিপদে সবসময় পাশে থাকার কারণে তিনি দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন। এলাকার মানুষের সুখে-দুঃখে নিয়মিত খোঁজখবর রাখা, অসুস্থ গরিব রোগীদের দেখতে হাসপাতালে ছুটে যাওয়া এবং বিভিন্ন সামাজিক ও পারিবারিক সংকটে ঢাল হয়ে পাশে দাঁড়ানোর মাধ্যমে তিনি সাধারণ মানুষের হৃদয় জয় করে নিয়েছেন। এলাকাবাসীর মতে, দীর্ঘদিন ধরে এলাকার সার্বিক অবকাঠামোগত উন্নয়ন এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার আদায়ের পক্ষে তাঁর আপসহীন ও সরব উপস্থিতি তাঁকে একজন সত্যিকারের ‘জনদরদী নেতা’ হিসেবে পরিচিত করেছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে তাঁর নাম সর্বমহলে জোরালোভাবে উচ্চারিত হলেও সচেতন মহল মনে করেন, শেষ পর্যন্ত সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত রায়ই নির্ধারণ করবে আগামী দিনে দানাপাটুলী ইউনিয়নের প্রকৃত জনপ্রতিনিধি কে হবেন। তবে তাঁরুণ্যের ফ্রেশ শক্তি, স্বচ্ছ ভাবমূর্তি, সততা এবং পারিবারিক সামাজিক ও ধর্মীয় ভিত্তির ওপর ভর করে মোশারফ হোসেন এখন দানাপাটুলী ইউনিয়নের রাজনৈতিক মাঠের আলোচনার প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।