দাবানলের ধোঁয়া নিয়ে বিরোধে সিঙ্গাপুরে গ্যাস রপ্তানি কমাল ইন্দোনেশিয়া

প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ণ
দাবানলের ধোঁয়া নিয়ে বিরোধে সিঙ্গাপুরে গ্যাস রপ্তানি কমাল ইন্দোনেশিয়া

অনলাইন ডেস্ক: ইন্দোনেশিয়ার বিভিন্ন বনাঞ্চলে ভয়াবহ দাবানলের কারণে সৃষ্ট বিষাক্ত ধোঁয়া (Haze) এবং আন্তঃসীমান্ত পরিবেশ দূষণকে কেন্দ্র করে প্রতিবেশী দেশ সিঙ্গাপুরের সঙ্গে চরম কূটনৈতিক বিরোধে জড়িয়েছে জাকার্তা। এই বিরোধের প্রত্যক্ষ প্রতিফল হিসেবে সিঙ্গাপুরে প্রাকৃতিক গ্যাস রপ্তানি হঠাৎ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া।

গত শনিবার থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের আওতায় প্রতিদিন মোট ৩ কোটি ১০ লাখ স্ট্যান্ডার্ড ঘনফুট প্রাকৃতিক গ্যাসের সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, এর মধ্যে ইন্দোনেশিয়ার রিয়াউ দ্বীপপুঞ্জের কৌশলগত নাতুনা গ্যাসক্ষেত্র থেকে ১ কোটি ৫০ লাখ ঘনফুট এবং সুমাত্রা দ্বীপের গ্যাসক্ষেত্র থেকে ১ কোটি ৬০ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ হ্রাস করা হয়।

ইন্দোনেশিয়ার তেল ও গ্যাস খাতের তদারকি সংস্থা 'স্কেকে মিগাস'-এর প্রধান জোকো সিসওয়ান্তো জানান, দেশের অভ্যন্তরে জাতীয় বিদ্যুৎ উৎপাদন অক্ষুণ্ণ রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিস্থিতি প্রতিদিন পর্যালোচনা করা হচ্ছে বলে জানান তিনি।

গ্যাস সরবরাহ কমানোর এই নজিরবিহীন সিদ্ধান্তের আগে পুরো সপ্তাহজুড়ে জাকার্তার পক্ষ থেকে কঠোর রাজনৈতিক বার্তা দেওয়া হচ্ছিল। ইন্দোনেশিয়ার জ্বালানিমন্ত্রী বাহলিল লাহাদালিয়া এক অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করে বলেন, "ইন্দোনেশীয় জাতিকে অসম্মান বা অপমান করে এমন দেশের কাছে গ্যাস রপ্তানি সম্পূর্ণ বন্ধ করতে সরকার কোনো দ্বিধা করবে না।"

এর আগে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো দাবানলে জড়িত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি বিদেশে ইন্দোনেশিয়াকে নিয়ে সমালোচনাকারীদের তীব্র সমালোচনা করেন।

বিরোধের সূত্রপাত ঘটে মূলত দাবানল পরিস্থিতি নিয়ে সিঙ্গাপুরের নেওয়া কিছু আইনি পদক্ষেপে। ইন্দোনেশীয় বনাঞ্চলে আগুন ও ধোঁয়া সৃষ্টির পেছনে ভূমিকা রাখার সন্দেহে ইন্দোনেশিয়ার ১০টি কৃষি ও কাঠ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে নিজেদের ধোঁয়াবিরোধী আইনের আওতায় আইনি নোটিশ পাঠায় সিঙ্গাপুর। একই সাথে সিঙ্গাপুরের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা তালিকাভুক্ত সাতটি কৃষি প্রতিষ্ঠানের কাছে এই অগ্নিকাণ্ডে তাদের জড়িত থাকার বিষয়ে ব্যাখ্যা তলব করে। এটিকে নিজ সার্বভৌমত্বের ওপর আঘাত ও অপমান হিসেবে দেখেছে জাকার্তা।

গ্যাস সরবরাহ কমানোর বিষয়ে সিঙ্গাপুরের জ্বালানি বাজার কর্তৃপক্ষ জানিয়েছে, যে পরিমাণ গ্যাস কমানো হয়েছে তা তাদের দেশের মোট দৈনিক চাহিদার মাত্র ২ শতাংশের চেয়েও কম। ফলে এই সামান্য ঘাটতি মোকাবিলা করার পর্যাপ্ত বিকল্প পরিকল্পনা তাদের হাতে রয়েছে। উল্লেখ্য, সিঙ্গাপুরের উৎপাদিত বিদ্যুতের প্রায় ৯৫ শতাংশই প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভরশীল।

এদিকে নুসান্তারা অ্যাটলাসের হিসাব মতে, চলতি বছরের প্রথম নয় মাসে ইন্দোনেশিয়ায় ১৯ লাখ হেক্টরেরও বেশি বনভূমি পুড়ে ছাই হয়েছে। ধোঁয়ার কারণে দেশের ৭টি প্রদেশে ৩ লাখ ৩৩ হাজারেরও বেশি মানুষ মারাত্মক শ্বাসকষ্টে ভুগছেন। দাবানলের ধোঁয়া মালয়েশিয়া ও পূর্ব তিমুরে ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক চাপ বাড়ছে। উদ্ভূত পরিস্থিতিতে ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের (ASEAN) বিশেষ জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।

সকালবেলা / নুসরাত