মজুরি বৃদ্ধির দাবিতে কুলাউড়ায় চা-শ্রমিকদের কর্মবিরতি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণসহ ১০ দফা দাবিতে মৌলভীবাজারের কুলাউড়ায় এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন চা-শ্রমিকরা। সম্প্রতি ঘোষিত ৫ শতাংশ মজুরি বৃদ্ধির গেজেট বাতিল, ভূমির স্থায়ী মালিকানা প্রদান এবং চা-শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নির্বাচনের দাবিতে একই সময়ে তারা বিক্ষোভ সমাবেশ ও মিছিল পরিচালনা করেন।
আজ শুক্রবার (২৪ জুলাই) সকাল ৯টায় কুলাউড়ার কালিটি চা-বাগানে ‘চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’-এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মবিরতি শেষে বাগান এলাকায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন কালিটি চা-বাগান পঞ্চায়েত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অনিমা অলমিক। সংগঠনের সাধারণ সম্পাদক কৃষ্ণদাস অলমিকের উপস্থাপনায় সমাবেশে বক্তব্য দেন চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রধান সমন্বয়ক এস এম শুভ, শ্রমিকনেতা দয়াল অলমিক, বিশ্বজিত দাস, কার্তিক নাইডু ও সীতারাম অলমিকসহ অনেকে।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বর্তমান ঊর্ধ্বমুখী বাজারদরের সঙ্গে কোনো সামঞ্জস্য না রেখে মজুরি বৃদ্ধির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা চা-শ্রমিকদের সঙ্গে এক ধরনের তামাশা। বর্তমানে দৈনিক ১৮৭ টাকা মজুরিতে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। খেয়ে-পরে বেঁচে থাকার জন্য সম্মানজনক ও ন্যায্য মজুরি নিশ্চিত করা এখন সময়ের দাবি।
চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রধান সমন্বয়ক এস এম শুভ বলেন, “স্বাধীন দেশের নাগরিক হওয়া সত্ত্বেও চা-জনগোষ্ঠীর মানুষ এখনো মৌলিক অধিকার থেকে বঞ্চিত ও রাষ্ট্রীয় বৈষম্যের শিকার। দৈনিক ৫০০ টাকা মজুরি নির্ধারণই এখন আমাদের প্রধান দাবি। নিজেদের অধিকার আদায়ে সব চা-শ্রমিককে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকতে হবে।”
সমাবেশ শেষে চা-শ্রমিকদের একটি বিক্ষোভ মিছিল কালিটি চা-বাগানের ভেতরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
|