কুষ্টিয়ায় 'তৌহিদী জনতার' নামে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ণ
কুষ্টিয়ায় 'তৌহিদী জনতার' নামে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি
কুষ্টিয়ার ভেড়ামারায় জ্যেষ্ঠ সাংবাদিক হাসান ইমাম রুবেলকে বাড়িতে চিঠি পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে (ফাইল ছবি)।

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় জ্যেষ্ঠ সাংবাদিক মো. হাসান ইমাম ইবনে হাবীব ওরফে ‘হাসান ইমাম রুবেল’কে বাড়িতে উড়ো চিঠি পাঠিয়ে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিভিন্ন লেখালেখি অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়ে ‘তৌহিদী জনতা’র ব্যানারে এই হুমকি দেওয়া হয়। এ ঘটনায় নিজের ও পরিবারের চরম নিরাপত্তা শঙ্কায় আজ বুধবার (২৬ আগস্ট ২০২৬) ভেড়ামারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক হাসান ইমাম।

হাসান ইমাম দৈনিক প্রথম আলোর সাবেক সিনিয়র রিপোর্টার, চ্যানেল২৪-এর আউটপুট এডিটর এবং নিউজবাংলার নির্বাহী সম্পাদক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সমসাময়িক রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় বিভিন্ন বিষয়ে নিয়মিত লেখালেখি ও বিশ্লেষণ করে থাকেন।

জিডির আবেদনে হাসান ইমাম উল্লেখ করেন, বুধবার ভোরে ভেড়ামারা উপজেলার হিড়িমদিয়া গ্রামে তাঁর পৈতৃক বাড়ির মূল ফটকের নিচ দিয়ে একটি সাধারণ খামে ‘তৌহিদী জনতা’র নামে চিঠিটি ফেলে রেখে যায় অজ্ঞাত ব্যক্তিরা। সকালে খামটি খুলে দেখতে পান, তাতে তাঁর ফেসবুকের বিভিন্ন পোস্ট ও মন্তব্যের প্রসঙ্গ টেনে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে। একই সাথে এসব লেখালেখি অবিলম্বে বন্ধ না করলে তাঁকে ‘যেকোনো উপায়ে হত্যা’ করার হুমকি দেওয়া হয়।

হুমকির চিঠিতে তাঁর ব্যক্তিগত পরিচয়, ঢাকার কর্মক্ষেত্র, পারিবারিক তথ্য এবং চলাফেরার ওপর নজরদারি করা হচ্ছে বলেও দাবি করা হয়। চিঠির শেষাংশে বিষয়টিকে ‘শেষ সতর্কবার্তা’ উল্লেখ করে জানানো হয়, কথা না শুনলে তিনি ‘প্রাণ নিয়ে ফিরতে পারবেন না’।

এ বিষয়ে সাংবাদিক হাসান ইমাম রুবেল বলেন, “পরিবার নিয়ে দীর্ঘদিন পর গ্রামের বাড়িতে এসেছিলাম। ভোরে গেটের নিচ দিয়ে ‘তৌহিদী জনতা’র নামে চিঠিটি ফেলে যাওয়া হয়। ব্যক্তিগতভাবে কাউকে সন্দেহ না করে পুরো বিষয়টি আমি পুলিশকে অবহিত করে জিডি করেছি। প্রশাসনের কাছে আমার জোর দাবি, চিঠির মূল উৎস ও নেপথ্যে কারা জড়িত তা দ্রুত তদন্ত করে শনাক্ত করা হোক।”

এদিকে ঘটনার পরপরই ভেড়ামারা থানা পুলিশের একটি দল হিড়িমদিয়া গ্রামে সাংবাদিক হাসান ইমামের বাড়ি পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন